আমরা এক ব্যক্তির মৃতদেহ স্পর্শ করে অশুচি হয়েছি, কিন্তু তাই বলে আমরা অন্যান্য ইসরায়েলীদের সঙ্গে নির্দিষ্ট সময়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করতে পারল না কেন?
তুম ইসরায়েলীদের বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের বংশধরদের মধ্যে কেউ যদি মৃতদেহ স্পর্শ করে অশুচি হয় কিম্বা দূরদেশে যাত্রা করে থাকে, তাহলেও সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করবে।
কেউ যদি শুচি থাকে এবং কোথাও যাত্রা না করে থাকে, সে যদি তারণোৎসব পালন না করে, তাহলে সে জাতিচ্যুত হবে। কারণ সে যথাসময়ে প্রভুর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করে নি। সে নিজেই তার পাপের দায় বহন করবে।
তোমাদের মধ্যে প্রবাসী ভিন্ন জাতির কোন লোক থাকলে তাকেও প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করতে হবে। এই উৎসবের নির্দিষ্ট বিধি নিয়ম অনুযায়ী তাকে উৎসব পালন করতে হবে। স্বদেশী ও বিদেশী উভয়ের জন্য একই বিধি।
সম্মিলন শিবির অর্থাৎ প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে রাখা হয়েছিল সেই শিবিরটি প্রতিষ্ঠা করার দিন মেঘপুঞ্জের দ্বারা সেটি আচ্ছাদিত হল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শিবিরের উপর সেই মেঘপুঞ্জ অগ্নিশিখার মত উজ্জ্বল হয়ে রইল।
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে ইসরায়েলীরা যাত্রা করত এবং তাঁর নির্দেশ পাওয়ামাত্র তারা শিবির সন্নিবেশ করত। মেঘপুঞ্জ যতক্ষণ শিবিরের উপরে থাকত, ততক্ষণ তারা ছাউনিতেই থাকত।
দুদিন হোক বা এক মাস হোক কিংবা এক বছররই হোক, শিবিরের উপরে মেঘপুঞ্জ যতদিন থাকত, ইসরায়েলীরা ততদিন ছাউনিতেই থাকত, যাত্রা করত না। কিন্তু মেঘ কেটে গেলেই তারা যাত্রা করত।
প্রভু পরমেশ্বরের নির্দেশেই তারা ছাউনিতে থাকত এবং তাঁর নির্দেশেই তারা যাত্রা করত। মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তারা প্রভুর সেবা করত।