এইজন্য তাঁরা যা কিছু করতে বলেন তা কোরো এবং যা পালন করবার আদেশ দেন তা পালন কোরো। কিন্তু তাঁরা যা করেন তোমরা তা কোরো না, কারণ তাঁরা মুখে যা বলেন কাজে তা করেন না।
লোকদের দেখাবার জন্যই তাঁরা সব কাজ করেন। পবিত্র শাস্ত্রের পদ-লেখা তাবিজ তাঁরা বড় করে তৈরী করেন আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোণায় কোণায় লম্বা থোপ্না লাগান।
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্ আপনাদের! আপনারা লোকদের সামনে স্বর্গ-রাজ্যের দরজা বন্ধ করে রাখেন। তাতে নিজেরাও ঢোকেন না আর যারা ঢুকতে চেষ্টা করছে তাদেরও ঢুকতে দেন না।
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্ আপনাদের! এক দিকে আপনারা লোকদের দেখাবার জন্য লম্বা লম্বা প্রার্থনা করেন, অন্য দিকে বিধবাদের সম্পত্তি দখল করেন। এইজন্য আপনাদের অনেক বেশী শাস্তি হবে।
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্ আপনাদের! একটি মাত্র লোককে আপনাদের ধর্ম-মতে আনবার জন্য আপনারা দুনিয়ার কোথায় না যান। আর সে যখন আপনাদের ধর্ম-মতে আসে তখন আপনারা নিজেদের চেয়ে তাকে অনেক বেশী করে নরকের উপযুক্ত করে তোলেন।
“ধিক্ আপনাদের! আপনারা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখান। আপনারা বলে থাকেন, উপাসনা-ঘরের নামে কেউ শপথ করলে তাতে কিছু হয় না, কিন্তু যদি কেউ উপাসনা-ঘরের সোনার নামে শপথ করে তবে সে সেই শপথে বাঁধা পড়ে।
আপনারা আবার এই কথাও বলে থাকেন, বেদীর নামে কেউ শপথ করলে কিছুই হয় না, কিন্তু যদি কেউ সেই বেদীর উপরে যে দান আছে তার নামে শপথ করে তবে সে সেই শপথে বাঁধা পড়ে।
“ভণ্ড ধর্ম-শিক্ষক ও ফরীশীরা, ধিক্ আপনাদের! আপনারা পুদিনা, মৌরি আর জিরার দশ ভাগের এক ভাগ ঈশ্বরকে ঠিকমতই দিয়ে থাকেন; কিন্তু ন্যায়, দয়া এবং বিশ্বস্ততা, যা মোশির আইন-কানুনের আরও দরকারী বিষয় তা আপনারা বাদ দিয়েছেন। আগেরগুলো পালন করবার সংগে সংগে পরেরগুলোও পালন করা আপনাদের উচিত।
এইজন্যই আমি আপনাদের কাছে নবী, জ্ঞানী লোক এবং ধর্ম-শিক্ষকদের পাঠাচ্ছি। আপনারা তাঁদের মধ্যে কয়েকজনকে খুন করবেন ও কয়েকজনকে ক্রুশে দেবেন। কয়েকজনকে আপনাদের সমাজ-ঘরে চাবুক মারবেন এবং এক গ্রাম থেকে অন্য গ্রামে তাড়া করে বেড়াবেন।
এইজন্য নির্দোষ হেবলের খুন থেকে আরম্ভ করে আপনারা যে বরখিয়ের ছেলে সখরিয়কে পবিত্র স্থান আর বেদীর মাঝখানে খুন করেছিলেন, সেই সখরিয়ের খুন পর্যন্ত পৃথিবীতে যত নির্দোষ লোক খুন হয়েছে আপনারা সেই সমস্ত রক্তের দায়ী হবেন।
“যিরূশালেম! হায় যিরূশালেম! তুমি নবীদের খুন করে থাক এবং তোমার কাছে যাদের পাঠানো হয় তাদের পাথর মেরে থাক। মুরগী যেমন বাচ্চাদের তার ডানার নীচে জড়ো করে তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তারা রাজী হয় নি।