|
| 1 |
|
| বিশ্রামবারের পর, সপ্তাহের প্রথম দিনের প্রত্যুষে, মাগদালার মরিয়ম ও অপর মরিয়ম সমাধি দেখতে এলেন। |
|
| 2 |
|
| এমন সময়ে হঠাৎ প্রবল ভূমিকম্প হল-প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে সমাধির পাথর সরিয়ে তার উপর বসলেন। |
|
| 3 |
|
| তাঁর দেহ ছিল বিদ্যুতের মত, তাঁর পোষাক ছিল তুষারশুভ্র। |
|
| 4 |
|
| যারা পাহারা দিচ্ছিল তারা ভয়ে কাঁপতে কাঁপতে মৃতপ্রায় হয়ে পড়ল। |
|
| 5 |
|
| স্বর্গদূত মহিলাদের উদ্দেশ করে বললেন, ভয় পেয়ো না, আমি জানি, তোমরা ক্রুশে নিহত যীশুকে খুঁজছ। |
|
| 6 |
|
| তিনি এখানে নেই, তাঁর কথা মতই তিনি পুনরুত্থিত হয়েছেন। এস, যেখানে তিনি শায়িত ছিলেন সেই স্থানটি দেখ। |
|
| 7 |
|
| তাঁর শিষ্যদের সত্বর সংবাদ দাও যে তিনি মৃতলোক থেকে পুনরুত্থিত হয়েছেন এবং তোমাদের আগেই গালীলে যাচ্ছেন। তোমরা সেখানেই তাঁর দেখা পাবে। এই আমার বক্তব্য। |
|
| 8 |
|
| ভয়ে ও গভীর আনন্দে উদ্বেল হয়ে তাঁরা সমাধিস্থল থেকে তাড়াতাড়ি ছুটে চললেন শিষ্যদের সংবাদ দিতে। |
|
| 9 |
|
| হঠাৎ যীশু এসে তাঁদের সামনে দাঁড়ালেন, বললেন, তোমাদের মঙ্গল হোক। তাঁরা কাছে গিয়ে তাঁর পা দুখানি জড়িয়ে ধরে তাঁকে প্রণাম করলেন। |
|
| 10 |
|
| যীশু তখন তাঁদের বললেন, ভয় পেয়ো না, তোমরা গিয়ে আমার ভ্রাতাদের বল যেন তারা গালীলে চলে যায়, সেখানেই আমার দেখা পাবে। |
|
| 11 |
|
| তাঁরা তখনও পথে, ইতিমধ্যে প্রহরীদলের কয়েকজন শহরে গিয়ে পুরোহিত প্রধানদের কাছে সমস্ত ঘটনার বিবরণ পেশ করল। |
|
| 12 |
|
| পুরোহিতেরা সমাজপতিদের সঙ্গে একত্র হয়ে পরামর্শ করলেন এবং সেই সৈন্যদের প্রচুর অর্থ দিয়ে বললেন, |
|
| 13 |
|
| তোমরা এ কথা বলবে, ‘আমরা রাত্রে যখন ঘুমিয়ে পড়েছিলাম, তখন তার শিষ্যরা এসে তার দেহটা চুরি করে নিয়ে গিয়েছে।’ |
|
| 14 |
|
| আর এ কথা যদি রাজ্যপালের কানে গিয়ে পৌঁছায় তাহলে আমরা তাঁকে বুঝিয়ে যাতে তোমাদের কোন ক্ষতি না হয় সে ব্যবস্থা করব। |
|
| 15 |
|
| তারা টাকা নিয়ে ওদের নির্দেশমত কাজ করল। তাই এই রটনা আজও ব্যাপকভাবে ইহুদীদের মধ্যে প্রচলিত আছে। |
|
| 16 |
|
| যীশু তাঁর এগারোজন শিষ্যকে যে গালীল পর্বতে যাবার নির্দেশ দিয়েছিলেন, সেখানে তাঁরা চলে গেলেন। |
|
| 17 |
|
| তাঁকে দেখতে পেয়ে তাঁরা আভূমি নত হয়ে তাঁকে প্রণাম জানালেন, কিন্তু কেউ কেউ সন্দেহও করলেন। |
|
| 18 |
|
| যীশু তাঁদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। |
|
| 19 |
|
| সুতরাং তোমরা গিয়ে সকল জাতিকে শিষ্য কর, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্ম দাও। |
|
| 20 |
|
| এবং যে সব আদেশ আমি তোমাদের দিয়েছি সে সব পালন করতে তাদের শিক্ষা দাও। আর জেনে রেখো, যুগান্ত পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। |
|
|
|
|