Pobitro Baibel
|
| 1 |
| লাসার নামে বৈথনিয়া গ্রামের একজন লোকের অসুখ হয়েছিল। মরিয়ম ও তাঁর বোন মার্থা সেই গ্রামে থাকতেন। |
| 2 |
| ইনি সেই মরিয়ম যিনি প্রভুর পায়ে সুগন্ধি আতর ঢেলে দিয়ে নিজের চুল দিয়ে তাঁর পা মুছিয়ে দিয়েছিলেন। যে লাসারের অসুখ হয়েছিল তিনি ছিলেন এই মরিয়মের ভাই। |
| 3 |
| এইজন্য তাঁর বোনেরা যীশুকে এই কথা বলে পাঠালেন, “প্রভু, আপনি যাকে ভালবাসেন তার অসুখ হয়েছে।” |
| 4 |
| এই কথা শুনে যীশু বললেন, “এই অসুখ তার মৃত্যুর জন্য হয় নি বরং ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যই হয়েছে, যেন এর মধ্য দিয়ে ঈশ্বরের পুত্রের মহিমা প্রকাশ পায়।” |
| 5 |
| মার্থা, তাঁর বোন ও লাসারকে যীশু ভালবাসতেন। |
| 6 |
| যখন যীশু লাসারের অসুখের কথা শুনলেন তখন তিনি যেখানে ছিলেন সেখানেই আরও দু’দিন রয়ে গেলেন। |
| 7 |
| তারপর তিনি শিষ্যদের বললেন, “চল, আমরা আবার যিহূদিয়াতে যাই।” |
| 8 |
| শিষ্যেরা তাঁকে বললেন, “গুরু, এই কিছুদিন আগে নেতারা আপনাকে পাথর মারতে চেয়েছিলেন, আর আপনি আবার সেখানে যাচ্ছেন?” |
| 9 |
| যীশু উত্তর দিলেন, “দিনে কি বারো ঘণ্টা নেই? কেউ যদি দিনে চলাফেরা করে সে উছোট খায় না, কারণ সে এই পৃথিবীর আলো দেখে। |
| 10 |
| কিন্তু যদি কেউ রাতে চলাফেরা করে সে উছোট খায়, কারণ তার মধ্যে আলো নেই।” |
| 11 |
| এই সব কথা বলবার পরে যীশু শিষ্যদের বললেন, “আমাদের বন্ধু লাসার ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমি তাকে জাগাতে যাচ্ছি।” |
| 12 |
| এতে শিষ্যেরা তাঁকে বললেন, “প্রভু, যদি সে ঘুমিয়েই থাকে তবে সে ভাল হবে।” |
| 13 |
| যীশু লাসারের মৃত্যুর কথা বলছিলেন, কিন্তু তাঁর শিষ্যেরা ভাবলেন তিনি স্বাভাবিক ঘুমের কথাই বলছেন। |
| 14 |
| যীশু তখন স্পষ্ট করেই বললেন, “লাসার মারা গেছে, |
| 15 |
| কিন্তু আমি তোমাদের কথা ভেবে খুশী হয়েছি যে, আমি সেখানে ছিলাম না যাতে তোমরা বিশ্বাস করতে পার। চল, আমরা লাসারের কাছে যাই।” |
| 16 |
| তখন থোমা, যাঁকে যমজ বলা হয়, তাঁর সংগী-শিষ্যদের বললেন, “চল, আমরাও যাই, যেন তাঁর সংগে মরতে পারি।” |
| 17 |
| যীশু সেখানে পৌঁছে জানতে পারলেন যে, চার দিন আগেই লাসারকে কবর দেওয়া হয়েছে। |
| 18 |
| যিরূশালেম থেকে বৈথনিয়া প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। |
| 19 |
| যিহূদীদের মধ্যে অনেকেই মার্থা ও মরিয়মকে তাঁদের ভাইয়ের মৃত্যুর জন্য সান্ত্বনা দিতে এসেছিল। |
| 20 |
| যীশু আসছেন শুনে মার্থা তাঁর সংগে দেখা করতে গেলেন, কিন্তু মরিয়ম ঘরে বসে রইলেন। |
| 21 |
| মার্থা যীশুকে বললেন, “প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না। |
| 22 |
| কিন্তু আমি জানি, আপনি এখনও ঈশ্বরের কাছে যা চাইবেন ঈশ্বর তা আপনাকে দেবেন।” |
| 23 |
| যীশু তাঁকে বললেন, “তোমার ভাই আবার জীবিত হয়ে উঠবে।” |
| 24 |
| তখন মার্থা তাঁকে বললেন, “আমি জানি, শেষ দিনে মৃত লোকেরা যখন জীবিত হয়ে উঠবে তখন সেও উঠবে।” |
| 25 |
| যীশু মার্থাকে বললেন, “আমিই পুনরুত্থান ও জীবন। যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে। |
| 26 |
| আর যে জীবিত আছে এবং আমার উপর বিশ্বাস করে সে কখনও মরবে না। তুমি কি এই কথা বিশ্বাস কর?” |
| 27 |
| মার্থা তাঁকে বললেন, “হ্যাঁ, প্রভু, আমি বিশ্বাস করি যে, জগতে যাঁর আসবার কথা আছে আপনিই সেই মশীহ, ঈশ্বরের পুত্র।” |
| 28 |
| এই কথা বলে মার্থা গিয়ে তাঁর বোন মরিয়মকে গোপনে ডেকে বললেন, “গুরু এখানে আছেন ও তোমাকে ডাকছেন।” |
| 29 |
| মরিয়ম এই কথা শুনে তাড়াতাড়ি উঠে যীশুর কাছে গেলেন। যীশু তখনও গ্রামে এসে পৌঁছান নি; |
| 30 |
| মার্থা যেখানে তাঁর সংগে দেখা করেছিলেন সেখানেই ছিলেন। |
| 31 |
| যে যিহূদীরা মরিয়মের সংগে ঘরে থেকে তাঁকে সান্ত্বনা দিচ্ছিল তারা মরিয়মকে তাড়াতাড়ি উঠে বাইরে যেতে দেখে তাঁর পিছনে পিছনে গেল। তারা ভাবল, মরিয়ম কবরের কাছে কাঁদতে যাচ্ছেন। |
| 32 |
| যীশু যেখানে ছিলেন মরিয়ম সেখানে গেলেন আর তাঁকে দেখতে পেয়ে তাঁর পায়ের উপর পড়ে বললেন, “প্রভু, আপনি যদি এখানে থাকতেন তবে আমার ভাই মারা যেত না।” |
| 33 |
| যীশু মরিয়মকে এবং তাঁর সংগে যে যিহূদীরা এসেছিল তাদের কাঁদতে দেখে অন্তরে খুব অস্থির হলেন। |
| 34 |
| তিনি তাদের বললেন, “লাসারকে কোথায় রেখেছ?” তারা বলল, “প্রভু, এসে দেখুন।” |
| 35 |
| তখন যীশু কাঁদলেন। |
| 36 |
| তাতে যিহূদীরা বলল, “দেখ, উনি লাসারকে কত ভালবাসতেন।” |
| 37 |
| কিন্তু যিহূদীদের মধ্যে কেউ কেউ বলল, “অন্ধের চোখ যিনি খুলে দিয়েছেন তিনি কি এমন কিছু করতে পারতেন না যাতে লোকটি মারা না যেত?” |
| 38 |
| এতে যীশু অন্তরে আবার অস্থির হলেন এবং কবরের কাছে গেলেন। কবরটা ছিল একটা গুহা। সেই গুহার মুখে একটা পাথর বসানো ছিল। |
| 39 |
| যীশু বললেন, “পাথরখানা সরাও।” যিনি মারা গেছেন তাঁর বোন মার্থা যীশুকে বললেন, “প্রভু, এখন দুর্গন্ধ হয়েছে, কারণ চার দিন হল সে মারা গেছে।” |
| 40 |
| যীশু মার্থাকে বললেন, “আমি কি তোমাকে বলি নি, যদি তুমি বিশ্বাস কর তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে?” |
| 41 |
| তখন লোকেরা পাথরখানা সরিয়ে দিল। যীশু উপরের দিকে তাকিয়ে বললেন, “পিতা, তুমি আমার কথা শুনেছ বলে আমি তোমাকে ধন্যবাদ দিই। |
| 42 |
| অবশ্য আমি জানি সব সময়ই তুমি আমার কথা শুনে থাক। কিন্তু যে সব লোক চারপাশে দাঁড়িয়ে আছে তারা যেন বিশ্বাস করতে পারে যে, তুমি আমাকে পাঠিয়েছ, সেইজন্যই এই কথা বললাম।” |
| 43 |
| এই কথা বলবার পরে যীশু জোরে ডাক দিয়ে বললেন, “লাসার, বের হয়ে এস।” |
| 44 |
| যিনি মারা গিয়েছিলেন তিনি তখন কবর থেকে বের হয়ে আসলেন। তাঁর হাত-পা কবরের কাপড়ে জড়ানো ছিল এবং তাঁর মুখ রুমালে বাঁধা ছিল। যীশু লোকদের বললেন, “ওর বাঁধন খুলে দাও আর ওকে যেতে দাও। |
| 45 |
| মরিয়মের কাছে যে সব যিহূদীরা এসেছিল তাদের মধ্যে অনেকেই যীশুর এই কাজ দেখে তাঁর উপর বিশ্বাস করল। |
| 46 |
| কিন্তু তাদের মধ্যে কেউ কেউ ফরীশীদের কাছে গিয়ে যীশু যা করেছিলেন তা বলল। |
| 47 |
| তখন প্রধান পুরোহিতেরা ও ফরীশীরা মহাসভার লোকদের একত্র করে বললেন, “আমরা এখন কি করি? এই লোকটা তো অনেক আশ্চর্য কাজ করছে। |
| 48 |
| আমরা যদি তাকে এইভাবে চলতে দিই তবে সবাই তার উপরে বিশ্বাস করবে, আর রোমীয়েরা এসে আমাদের উপাসনা-ঘর এবং আমাদের জাতিকে ধ্বংস করে ফেলবে।” |
| 49 |
| তাঁদের মধ্যে কাইয়াফা নামে একজন সেই বছরের মহাপুরোহিত ছিলেন। |
| 50 |
| তিনি তাঁদের বললেন, “তোমরা কিছুই জান না, আর ভেবেও দেখ না যে, গোটা জাতিটা নষ্ট হওয়ার চেয়ে বরং সমস্ত লোকের বদলে একজন মানুষের মৃত্যু অনেক ভাল।” |
| 51 |
| কাইয়াফা যে নিজে থেকে এই কথা বলেছিলেন তা নয় কিন্তু তিনি ছিলেন সেই বছরের মহাপুরোহিত। সেইজন্য তিনি ভবিষ্যতের কথা বলেছিলেন যে, যিহূদী জাতির জন্য যীশুই মরবেন। |
| 52 |
| কেবল যিহূদী জাতির জন্যই নয়, কিন্তু ঈশ্বরের যে সন্তানেরা চারদিকে ছড়িয়ে রয়েছে তাদের জড়ো করে এক করবার জন্যও তিনি মরবেন। |
| 53 |
| সেই দিন থেকে যিহূদী নেতারা যীশুকে মেরে ফেলবার ষড়যন্ত্র করতে লাগলেন। |
| 54 |
| সেইজন্য যীশু খোলাখুলিভাবে যিহূদীদের মধ্যে চলাফেরা বন্ধ করে দিলেন, আর সেই জায়গা ছেড়ে মরু-এলাকার কাছে ইফ্রয়িম নামে একটা গ্রামে চলে গেলেন। সেখানে তিনি তাঁর শিষ্যদের নিয়ে থাকতে লাগলেন। |
| 55 |
| তখন যিহূদীদের উদ্ধার-পর্ব কাছে এসেছিল। পর্বের আগে নিজেদের শুচি করবার জন্য অনেক লোক গ্রাম থেকে যিরূশালেমে গিয়েছিল। |
| 56 |
| এই লোকেরা যীশুর খোঁজ করতে লাগল। তারা উপাসনা-ঘরে দাঁড়িয়ে একে অন্যকে জিজ্ঞাসা করতে লাগল, “তিনি কি এই পর্বে একেবারেই আসবেন না? তোমাদের কি মনে হয়?” |
| 57 |
| প্রধান পুরোহিতেরা ও ফরীশীরা আদেশ দিয়েছিলেন যে, যীশু কোথায় আছে তা যদি কেউ জানে তবে সে যেন খবরটা তাঁদের জানায় যাতে তাঁরা যীশুকে ধরতে পারেন। |
|
| নোট সংরক্ষণ করুন |
https://beblia.bible:81/BibleAudio/bengalisbcl/john/011.mp3
21
11