ঈশ্বরের ইচ্ছায় তাঁরই আহ্বানে আমি পৌল খ্রীষ্ট যীশুর একজন প্রেরিত্ হয়েছি। আমি আর ভাই সোস্থিনি করিন্থ শহরের ঈশ্বরের মণ্ডলীর লোকদের কাছে, অর্থাৎ তোমাদের কাছে লিখছি। খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হবার মধ্য দিয়ে ঈশ্বর তাঁর নিজের উদ্দেশ্যে তোমাদের আলাদা করে রেখেছেন এবং তাঁর নিজের লোক হবার জন্য ডেকেছেন। তোমাদের কাছে এবং আর অন্য সব জায়গায় যারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টকে প্রভু বলে স্বীকার করে তাদের কাছে আমরা এই চিঠি লিখছি। তিনি তাদেরও প্রভু, আমাদেরও প্রভু।
ভাইয়েরা, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের হয়ে আমি তোমাদের বিশেষভাবে অনুরোধ করছি যে, তোমরা সকলে এক হও। তোমাদের মধ্যে কোন দলাদলি না থাকুক, বরং তোমরা একমন ও একমত হও।
আমি এই কথা বলতে চাইছি যে, তোমাদের মধ্যে কেউ বলে, “আমি পৌলের দলের”; কেউ বলে, “আমি আপল্লোর দলের”; কেউ বলে, “আমি পিতরের দলের”; আবার কেউ বলে, “আমি খ্রীষ্টের দলের।”
খ্রীষ্ট আমাকে বাপ্তিস্ম দিতে পাঠান নি বরং সুখবর প্রচার করবার জন্যই পাঠিয়েছেন। সেই সুখবর তিনি আমাকে জ্ঞানীদের ভাষায় প্রচার করতে পাঠান নি, যেন খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু শক্তিহীন হয়ে না পড়ে।
যারা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে তাদের কাছে খ্রীষ্টের সেই ক্রুশীয় মৃত্যুর কথা মূর্খতা ছাড়া আর কিছুই নয়; কিন্তু আমরা যারা পাপ থেকে উদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি আমাদের কাছে তা ঈশ্বরের শক্তি।
কিন্তু জ্ঞানী লোক কোথায়? পণ্ডিত লোকই বা কোথায়? আর যার তর্ক করবার ক্ষমতা আছে এই যুগের সেই রকম লোকই বা কোথায়? এই জগতের জ্ঞান যে কেবল মূর্খতা তা কি ঈশ্বর দেখান নি?
ঈশ্বর তাঁর নিজের জ্ঞানে স্থির করেছেন বলেই জগৎ তার নিজের জ্ঞান দিয়ে ঈশ্বরকে জানতে পারে নি। এইজন্য সুখবরের মূর্খতা দিয়ে পাপ থেকে বিশ্বাসীদের উদ্ধার করা ঈশ্বর ভাল মনে করলেন।
ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশী জ্ঞানপূর্ণ, আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশী শক্তিপূর্ণ।
ভাইয়েরা, তোমাদের যখন ডাকা হয়েছিল তখন তোমরা কি রকমের লোক ছিলে সেই কথা ভেবে দেখ। মানুষের বিচারে তোমাদের মধ্যে অনেকেই যে জ্ঞানী বা ক্ষমতাশালী বা উঁচু বংশের তা নয়।
কিন্তু জগৎ যা মূর্খতা বলে মনে করে ঈশ্বর তা-ই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। জগৎ যা দুর্বল বলে মনে করে ঈশ্বর তা-ই বেছে নিয়েছেন যেন যা শক্তিশালী তা শক্তিহীন হয়।