ঈশ্বরের দেওয়া সেই একই খাবার এবং সেই একই জল তাঁরা সবাই খেয়েছিলেন। ঈশ্বরের দেওয়া যে পাথর তাঁদের সংগে সংগে যাচ্ছিল তা থেকেই তাঁরা খাবার জন্য জল পেতেন; আর খ্রীষ্টই ছিলেন সেই পাথর।
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিলেন তোমরা তেমন কোরো না। পবিত্র শাস্ত্রে লেখা আছে, লোকেরা খাওয়া-দাওয়া করতে বসল, পরে হৈ-হল্লা করে আমোদ-প্রমোদ করবার জন্য উঠে দাঁড়াল।
অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেইজন্যই তাঁদের উপর এই সব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময়ে এসে পড়েছি, সেই আমাদের সাবধান করবার জন্যই এই সব লেখা হয়েছে।
মানুষের জীবনে যে সব পরীক্ষা হয়ে থাকে তা ছাড়া আর অন্য কোন পরীক্ষা তো তোমাদের উপর হয় নি। ঈশ্বর বিশ্বাসযোগ্য; সহ্যের অতিরিক্ত পরীক্ষা তিনি তোমাদের উপর হতে দেবেন না, বরং পরীক্ষার সংগে সংগে তা থেকে বের হয়ে আসবার একটা পথও তিনি করে দেবেন যেন তোমরা তা সহ্য করতে পার।
প্রভুর ভোজের সময়ে ধন্যবাদ দিয়ে যে আশীর্বাদের পেয়ালা থেকে আমরা খাই, সেটা কি খ্রীষ্টের রক্তের অংশ গ্রহণ করবার মত নয়? আর যে রুটি আমরা টুকরা করে খাই তাও কি খ্রীষ্টের দেহের অংশ গ্রহণ করবার মত নয়?
তা নয়, বরং আমি বলছি, অযিহূদীরা যা উৎসর্গ করে তা ঈশ্বরের কাছে করে না, মন্দ আত্মাদের কাছেই করে। আমি চাই না যে, মন্দ আত্মাদের সংগে তোমাদের কোন যোগাযোগ-সম্বন্ধ থাকে।
প্রভুর পেয়ালা আর মন্দ আত্মাদের পেয়ালা, এই দুই পেয়ালা থেকেই তোমরা খেতে পার না। প্রভুর টেবিলের উপরে আর মন্দ আত্মাদের টেবিলের উপরে যা আছে, এই দু’য়েরই অংশ তোমরা গ্রহণ করতে পার না।
কেউ কেউ বলে, “কোন কিছু করা অনুচিত নয়।” তা ঠিক, কিন্তু সব কিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোন কিছু করা অনুচিত নয় বটে, কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়।
আমি যেমন সব মানুষকে সব রকমে সন্তুষ্ট করতে চেষ্টা করি তোমরাও তেমনই কর; অর্থাৎ যিহূদী বা অযিহূদী বা ঈশ্বরের মণ্ডলীর লোকদের পথের বাধা হয়ে দাঁড়ায়ো না। আমি নিজের মংগলের চেষ্টা না করে অনেকের মংগলের চেষ্টা করি যেন তারা পাপ থেকে উদ্ধার পায়।