×

Pobitro Baibel

১ করিন্থীয় ৫

1
শোনা যাচ্ছে, তোমাদের মধ্যে ব্যভিচারের পাপ আছে, আর সেই ব্যভিচার এমন জঘন্য রকমের যে, অযিহূদীরা পর্যন্ত তা করে না। এমন কি, একজন তার সৎমাকে নিজের স্ত্রীর মত করে রেখেছে।
2
আর এর পরেও তোমরা অহঙ্কার করছ! এর চেয়ে তোমাদের কি দুঃখ করা এবং যে এই কাজ করেছে তাকে তোমাদের মধ্য থেকে বের করে দেওয়া উচিত ছিল না?
3
আমি দেহে উপস্থিত না থাকলেও আত্মায় তোমাদের সংগে আছি। যে এই রকম কাজ করেছে, উপস্থিত থাকা লোকের মতই আমি তার বিচার আগেই করে রেখেছি।
4
আমার বিচার এই যে, আমাদের প্রভু যীশুর নামে যখন তোমরা এক জায়গায় মিলিত হবে আর আমিও আত্মায় তোমাদের সংগে থাকব এবং প্রভু যীশুর শক্তি আমাদের উপর থাকবে,
5
তখন সেই লোককে শয়তানের হাতে দিয়ে দিতে হবে, যেন তার দেহ ধ্বংস হয় কিন্তু আত্মা প্রভু যীশুর আসবার দিনে উদ্ধার পায়।
6
গর্ব করা তোমাদের পক্ষে ভাল নয়। তোমরা কি জান না যে, একটুখানি খামি একটা গোটা ময়দার তালকে ফাঁপিয়ে তোলে? তোমাদের মধ্য থেকে সেই পুরানো খামি ফেলে দাও,
7
যেন তোমরা একটা নতুন খামিহীন ময়দার তাল হতে পার; আর আসলেও তোমরা তা-ই। আমাদের উদ্ধার-পর্বের মেষ-শিশু খ্রীষ্টকে উৎসর্গ করা হয়েছে।
8
সেইজন্য পুরানো খামি, অর্থাৎ হিংসা ও মন্দ দিয়ে নয়, বরং এস, আমরা খামিহীন রুটি, অর্থাৎ সরলতা ও সত্য দিয়ে পর্বটা পালন করি।
9
আমার চিঠিতে আমি তোমাদের কাছে লিখেছিলাম, তোমরা যেন খারাপ চরিত্রের লোকদের সংগে মেলামেশা না কর।
10
এই জগতের খারাপ চরিত্রের লোক, লোভী, জোচ্চোর বা যারা প্রতিমা পূজা করে তাদের কথা অবশ্য আমি বলি নি, কারণ তাহলে তোমাদের তো এই জগতের বাইরে চলে যেতে হয়।
11
আসলে আমি যা লিখেছিলাম তার অর্থ এই-যদি কেউ নিজেকে বিশ্বাসী ভাই বলে অথচ সে খারাপ চরিত্রের লোক বা লোভী হয়, প্রতিমা পূজা করে, অন্যের নিন্দা করে, মাতাল বা জোচ্চোর হয়, তবে তার সংগে মেলামেশা কোরো না। এমন কি, তার সংগে খাওয়া-দাওয়াও কোরো না।
12
মণ্ডলীর বাইরের লোকদের বিচার করবার জন্য আমার কি দায় পড়েছে? কিন্তু মণ্ডলীর ভিতরের লোকদের বিচার করা কি তোমাদেরই উচিত নয়?
13
যারা বাইরের তাদের বিচার ঈশ্বরই করবেন। পবিত্র শাস্ত্রের কথামত, “তোমাদের মধ্য থেকে সেই মন্দ লোককে বের করে দাও।”
Bengali SBCL 2000
The Bangladesh Bible Society, 2000
:
নোট সংরক্ষণ করুন