কারণ এই কাজে তোমাদের আগ্রহের কথা আমার জানা আছে। আমি তোমাদের নিয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই বলে গর্ব করি যে, গত বছর থেকে আখায়ার লোকেরা, অর্থাৎ তোমরা এই দানের জন্য প্রস্তুত হয়ে আছ। তোমাদের এই আগ্রহ তাদের বেশীর ভাগ লোককে জাগিয়ে তুলেছে।
আমি এই ভাইদের পাঠাচ্ছি যেন এই ব্যাপারে তোমাদের নিয়ে আমাদের যে গর্ব তা তাঁদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়, আর আমি যেভাবে বলেছি সেইভাবে যেন সত্যিই তোমরা প্রস্তুত থাকতে পার।
তা না হলে ম্যাসিডোনিয়ার লোকেরা যদি আমার সংগে গিয়ে দেখে যে, তোমরা প্রস্তুত নও তবে তোমাদের উপর আমাদের এত বিশ্বাসের জন্য আমরা লজ্জা পাব; অবশ্য তোমরাও লজ্জা পাবে।
তাই আমি এই ভাইদের আগে তোমাদের কাছে যাবার জন্য অনুরোধ করা দরকার মনে করলাম, যেন তোমরা যে বিরাট দান দিতে প্রতিজ্ঞা করেছিলে তার ব্যবস্থা তাঁরা আগেই করে রাখতে পারেন। এতে তোমাদের কাছ থেকে জোর করে আমাদের কিছু আদায় করতে হবে না, বরং তোমরা যা দেবে তা দান হিসাবে আগে থেকেই প্রস্তুত থাকবে।
তোমাদের সব রকম ভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে; আর তার ফলে যেন তোমরা সব রকম ভাল কাজের জন্য খোলা হাতে দান করতে পার।
যিনি চাষীর জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুুর পরিমাণে দেবেন।
তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা ঈশ্বরের গৌরব করবে, কারণ তোমরা খ্রীষ্টের বিষয়ে সুখবর বিশ্বাস করে তার বাধ্য হয়েছ এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ।