×

পবিএ বাইবেল

দ্বিতীয় বিবরণ ১০

1
সেই সময় প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি আগেকার মত দুটি পাষাণ পলক কেটে পাহাড়ের উপরে আমার কাছে নিয়ে এস। এই সঙ্গে কাঠের একটি সিন্দুকও তুমি নির্মাণ কর।
2
প্রথম যে পাষাণফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে সব কথা লেখা ছিল সেগুলি আমি এই ফলক দুটিতে লিখে দেব। তুমি সে দুটি ঐ সিন্দুকে রাখবে।
3
আমি তখন শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করলাম এবং আগের পাষাণ ফলক দুটির মত দুটি পাষাণ পলক কেটে তৈরী করলাম এবং সে দুটি হাতে নিয়ে পাহাড়ে উঠে গেলাম।
4
তোমরা যেদিন পাহাড়ে সমবেত হয়েছিলে সেদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর দশটি অনুশাসন তোমাদের কাছে ব্যক্ত করেছিলেন সেগুলিই তিনি আগের মত এই পাষাণ ফলক দুটির উপরে লিখে আমাকে দিলেন।
5
আমি পাহাড় থেকে নেমে ফিরে এসে প্রভু পরমেশ্বরের নির্দেশ মত সেই ফলক দুটি আমার তৈরী সিন্দুকের মধ্যে রাখলাম। তখন থেকে সে দুটি সেই সিন্দুকেই রয়েছে।
6
(ইসরায়েলীরা বেরোৎ-বেনে-যাকন থেকে যাত্রা করে মোসেরাতে গিয়ে পৌঁছাল। সেখানে হারোণের মৃত্যু হল, তাঁকে সেখানেই কবর দেওয়া হল। তাঁর পুত্র ইলিয়াসর তাঁর স্থলে পুরোহিতরূপে নিযুক্ত হলেন।
7
সেখান থেকে তারা গুধগোদার দিকে যাত্রা করল এবং সেখান থেকে যট্‌বাথায় গিয়ে পৌঁছাল। স্থানটি ছিল নদী-নালায় পূর্ণ।
8
এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।
9
এই কারণেই জ্ঞাতিভাইদের সম্পত্তিতে লেবিগোষ্ঠীর কোন অংশ বা স্বত্বাধিকার নেই। পরিবর্তে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী প্রভুর পৌরোহিত্যেই তাদের উত্তরাধিকার।)
10
আমি আগের মত এবারও চল্লিশ দিন ও রাত সেই পাহাড়ে থাকলাম এবং প্রভু পরমেশ্বর এবারেও আমার বিনতি শুনলেন, তোমাদের ধ্বংস করলেন না।
11
পরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ওঠ, লোকদের অগ্রবর্তী হয়ে তুমি যাত্রা শুরু কর। তাদের পূর্বপুরুষদের কাছে তাদের যে দেশ দেওয়ার অঙ্গীকার আমি করেছি, সেখানে প্রবেশ করে তারা সেই দেশ অধিকার করবে।
12
হে ইসরায়েলকুল! শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কাছে কি প্রত্যাশা করেন? তাঁর প্রত্যাশা—তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁকে ভালবাস। তোমাদের সমগ্র হৃদয়, মন ও প্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা কর।
13
আজ আমি তোমাদের মঙ্গলের জন্য প্রভু পরমেশ্বরের যে সমস্ত বিধি ও নির্দেশ তোমাদের জানালাম, সেগুলি পালন করো।
14
দেখ, অন্তরীক্ষ ও মহাকাশ, পৃথিবী ও তার সর্ববস্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের।
15
তবুও প্রভু তোমাদের পিতৃপুরুষদের এতো গভীরভাবে ভালবেসে ছিলেন যে তাদের পরে তাদের বংশধরদের মনোনীত করেছিলেন। সমস্ত জাতির মধ্যে আজও তোমরাই তাঁর মনোনীত।
16
অতএব তোমরা হৃদয় পরিবর্তন কর, আর অবাধ্য হয়ো না,
17
কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ঈশ্বরদের ঈশ্বর, প্রভুদের প্রভু, তিনি মহান্‌, মহাপরাক্রমী ভয়ঙ্কর ঈশ্বর। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না বা উৎকোচ গ্রহণ করেন না।
18
অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন।
19
সুতরাং তোমরাও প্রবাসীকে ভালবাসবে, কেননা মিশরে তোমরাও ছিলে প্রবাসী।
20
তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাঁর সেবা করবে, তাঁরই অনুগত থাকবে, শপথ নেবে তাঁরই নামে।
21
তিনিই তোমাদের ঈশ্বর, তাঁর স্তব করো। তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছ তাঁর মহৎ ও ভয়াবহ কীর্তি, যা তিনি তোমাদেরই জন্য সাধন করেছেন।
22
তোমাদের পিতৃপুরুষেরা মাত্র সত্তর জন মিশরে গিয়েছিল কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এখন আকাশের নক্ষত্ররাজির মত তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন