“তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া গ্রাম বা শহরগুলোর কোনটাতে হয়তো দেখা যাবে যে, তোমাদের মধ্যেকার কোন পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া ব্যবস্থা অমান্য করে তাঁর চোখে যা খারাপ তা করছে।
“যদি এমন সব মামলা তোমাদের আদালতে আসে যেগুলোর বিচার করা তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়- সেটা রক্তপাতের জন্যই হোক কিংবা ঝগড়া-বিবাদের জন্যই হোক কিংবা আঘাতের জন্যই হোক- তবে সেই মামলা নিয়ে মাবুদের বেছে নেওয়া জায়গায় তোমাদের যেতে হবে।
মাবুদের বেছে নেওয়া জায়গাতে তারা তোমাদের কাছে যে রায় জানাবে তোমরা তা কাজে লাগাবে। তবে সাবধান, তারা তোমাদের যা যা করতে বলবে তার কোনটাই তোমরা বাদ দেবে না।
যদি কোন লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিংবা তোমাদের মাবুদ আল্লাহ্র খেদমতকারী সেই ইমামের কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই হত্যা করতে হবে। তোমরা বনি-ইসরাইলদের মধ্য থেকে এই রকমের খারাপী শেষ করে দেবে।
“তোমাদের মাবুদ আল্লাহ্ যে দেশটা তোমাদের দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা দখল করে যখন তোমরা সেখানে বাস করতে থাকবে এবং বলবে, ‘আমাদের আশেপাশের জাতিগুলোর মত এস, আমরা আমাদের জন্য একজনকে বাদশাহ্ হিসাবে বেছে নিই,’
তখন তোমাদের মাবুদ আল্লাহ্ যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের বাদশাহ্ করবে। সে যেন তোমাদের ইসরাইলীয় ভাইদের মধ্যে একজন হয়। যে তোমাদের ইসরাইলীয় ভাই নয় এমন ভিন্ন জাতির কোন লোককে তোমরা তোমাদের বাদশাহ্ করবে না।
সেই বাদশাহ্ যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় করবার দিকে মন না দেয় এবং তার পরে আরও ঘোড়া জোগাড় করবার জন্য বনি-ইসরাইলদের মিসর দেশে না পাঠায়, কারণ মাবুদ তোমাদের বলেছেন, ‘তোমরা ঐ পথে আর ফিরে যাবে না।’
এর ফলে অন্যান্য ইসরাইলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং শরীয়ত থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা বনি-ইসরাইলদের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে।