“তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গ্রাম বা শহরগুলোর কোনটাতে হয়তো দেখা যাবে যে, তোমাদের মধ্যেকার কোন পুরুষ অথবা স্ত্রীলোক তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া ব্যবস্থা অমান্য করে তাঁর চোখে যা মন্দ তা করছে।
“যদি এমন সব মামলা তোমাদের আদালতে আসে যেগুলোর বিচার করা তোমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়- সেটা রক্তপাতের জন্যই হোক কিম্বা ঝগড়া-বিবাদের জন্যই হোক কিম্বা আঘাতের জন্যই হোক- তবে সেই মামলা নিয়ে সদাপ্রভুর বেছে নেওয়া জায়গায় তোমাদের যেতে হবে।
সদাপ্রভুর বেছে নেওয়া জায়গাতে তারা তোমাদের কাছে যে রায় জানাবে তোমরা তা কাজে লাগাবে। তবে সাবধান, তারা তোমাদের যা যা করতে বলবে তার কোনটাই তোমরা বাদ দেবে না।
তারা আইন-কানুন সম্বন্ধে তোমাদের যা শিক্ষা দেবে এবং যে রায় দেবে সেই মতই তোমরা কাজ করবে। তারা তোমাদের যা করতে বলবে তোমরা ঠিক তা-ই করবে, এদিক ওদিক করবে না।
যদি কোন লোক অহংকারের বশে সেই বিচারকের কথা কিম্বা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেবাকারী সেই পুরোহিতের কথা শুনতে রাজী না হয়, তবে তাকে অবশ্যই মেরে ফেলতে হবে। তোমরা ইস্রায়েলীয়দের মধ্য থেকে এই রকমের মন্দতা শেষ করে দেবে।
“তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশটা তোমাদের দিতে যাচ্ছেন সেখানে গিয়ে তা দখল করে যখন তোমরা সেখানে বাস করতে থাকবে এবং বলবে, ‘আমাদের আশেপাশের জাতিগুলোর মত এস, আমরা আমাদের জন্য একজনকে রাজা হিসাবে বেছে নিই,’
তখন তোমাদের ঈশ্বর সদাপ্রভু যাকে ঠিক করে দেবেন তাকেই তোমরা তোমাদের রাজা করবে। সে যেন তোমাদের ইস্রায়েলীয় ভাইদের মধ্যে একজন হয়। যে তোমাদের ইস্রায়েলীয় ভাই নয় এমন ভিন্ন জাতির কোন লোককে তোমরা তোমাদের রাজা করবে না।
সেই রাজা যেন নিজের জন্য অনেক ঘোড়া জোগাড় করবার দিকে মন না দেয় এবং তার পরে আরও ঘোড়া জোগাড় করবার জন্য ইস্রায়েলীয়দের মিসর দেশে না পাঠায়, কারণ সদাপ্রভু তোমাদের বলেছেন, ‘তোমরা ঐ পথে আর ফিরে যাবে না।’
“লেবীয়দের মধ্যে যারা পুরোহিত তাদের কাছে আইন-কানুনের যে বই আছে সিংহাসনে বসবার সময় তাকে সেই বই থেকে তার নিজের জন্য সব আইন-কানুন একটি বইয়ে নকল করে নিতে হবে।
এর ফলে অন্যান্য ইস্রায়েলীয় ভাইদের চেয়ে নিজেকে বড় করে দেখবার ভাব তার মনে আসবে না এবং আইন-কানুন থেকে সে এদিক ওদিক সরে যাবে না। এতে সে ও তার বংশধরেরা ইস্রায়েলীয়দের উপর অনেক দিন রাজত্ব করতে পারবে।