“তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাদের দখল করবার জন্য দেবেন সেখানকার জাতিদের যখন তিনি ধ্বংস করে ফেলবেন এবং তোমরা তাদের বদলে তাদের গ্রামে বা শহরে ও বাড়ী-ঘরে বাস করতে থাকবে,
তখন সম্পত্তি হিসাবে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর দেওয়া গোটা দেশটা তোমরা তিন ভাগে ভাগ করে নেবে। তার মধ্য থেকে আশ্রয়-শহর হিসাবে তিনটা শহর তোমরা আলাদা করে নেবে এবং সেখানে যাবার পথও তৈরী করে নেবে। তাহলে কেউ যদি কারও হাতে মারা পড়ে তবে যে মেরেছে সে তার কাছের আশ্রয়-শহরে পালিয়ে যেতে পারবে।
ধরে নাও, একজন লোক অন্য আর একজনের সংগে বনে কাঠ কাটতে গেল। সেখানে গাছ কাটতে গিয়ে কুড়াল দিয়ে কোপ দেবার সময়ে কুড়ালের ফলাটা ফস্কিয়ে গিয়ে অন্য লোকটিকে আঘাত করল এবং তাতে সে মারা গেল। এই অবস্থায় ঐ লোকটি তার কাছের আশ্রয়-শহরটিতে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারবে।
তা না হলে রক্তের শোধ যার নেবার কথা সে রাগের বশে তাকে তাড়া করতে পারে আর আশ্রয়-শহর কাছে না হলে তাকে মেরে ফেলতে পারে, যদিও মনে হিংসা নিয়ে মেরে ফেলে নি বলে মৃত্যু তার পাওনা শাস্তি নয়।
“তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবার এবং সব সময় তাঁর পথে চলবার এই যে সব আদেশ আমি আজ তোমাদের দিচ্ছি তা যদি তোমরা যত্নের সংগে পালন কর তবে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করা প্রতিজ্ঞা অনুসারে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবেন এবং গোটা দেশটা তোমাদের দেবেন। তখন তোমরা নিজেদের জন্য আশ্রয়-শহর হিসাবে আরও তিনটা শহর আলাদা করে রাখবে।
তোমরা এটা করবে যাতে সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশের উপর নির্দোষ লোকের রক্তপাত না হয় এবং রক্তপাতের দোষে তোমরা দোষী না হও।
“যদি কারও বিরুদ্ধে দোষ বা অন্যায় করবার নালিশ আনা হয়, তবে মাত্র একজন সাক্ষী দাঁড়ালে চলবে না; দুই বা তিনজন সাক্ষীর কথা ছাড়া কোন বিষয় সত্যি বলে প্রমাণিত হতে পারবে না।