×

পবিএ বাইবেল

দ্বিতীয় বিবরণ ২৪

1
কোন ব্যক্তি বিবাহের পর তার স্ত্রীর কোন বিসদৃশ আচরণ দেখে যদি তার প্রতি অপ্রসন্ন হয়ে একটি ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়
2
এবং তারপর যদি সেই নারী অন্য পুরুষের স্ত্রী হয়,
3
এবং তার দ্বিতীয় স্বামীও যদি অনুরূপভাবে তার প্রতি বিরূপ হয়ে ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়, অথবা তার সেই দ্বিতীয় স্বামী যদি মারা যায়,
4
তাহলে তার প্রথম স্বামী, যে তাকে তাড়িয়ে দিয়েছিল, সে তাকে আবার বিবাহ করতে পারবে না, কারণ সে হবে তখন তার পক্ষে অশুচি। প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে এই কাজ ঘৃণার্হ। তোমাদের ঈশ্বর প্রভু যে দেশের অধিকার তোমাদের দেবেন, এইভাবে সেই দেশকে কলুষিত করবে না।
5
নববিবাহিত কোন ব্যক্তি সৈন্যবাহিনীতে যোগ দেবে না এবং তার উপরে অন্য কোন দায়িত্বভার ন্যস্ত করা চলবে না। এক বৎসর সে অবসর নিয়ে বাড়িতে থাকবে ও বিবাহিত স্ত্রীর সঙ্গে দাম্পত্য সুখ ভোগ করবে।
6
কোন ব্যক্তি কারও গম পেষাই করা যাঁতা এমন কি তার উপরকার পাথরের চাক্‌তিও বন্ধক রাখবে না, কারণ সেটা প্রাণ বন্ধক রাখারই সামিল।
7
কোন ব্যক্তি যদি তার স্বজাতীয় কোন ইসরায়েলীকে অপহরণ করে তাকে ক্রীতদাসের মত খাটায় বা বিক্রি করে এবং তার সেই কাজ ধরা পড়ে, তাহলে সেই অপহরণকারীর মৃত্যুদণ্ড হবে। এইভাবে তোমরা নিজেদের মধ্য থেকে অনাচার দূর করবে।
8
কুষ্ঠরোগ সম্পর্কে তোমরা সাবধান হবে। এ বিষয়ে লেবীয় যাজকদের সমস্ত নির্দেশ তোমরা সযত্নে পালন করবে। আমি তাদের যে সব নির্দেশ দিয়েছি সব তোমরা অবশ্য পালন করবে।
9
মিশর থেকে বার হয়ে আসার পথে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর মরিয়মের যে দশা করেছিলেন, তার কথা তোমরা স্মরণে রাখবে।
10
প্রতিবেশীকে কোন কিছু ধার দেওয়ার সময় তুমি তার বাড়িতে ঢুকে বন্ধক হিসাবে কোন বস্তু নেবে না।
11
তুমি বাইরে অপেক্ষা করবে এবং ঋণগ্রহীতা তার বন্ধকী জিনিষ বাইরে এনে তোমাকে দেবে।
12
সে যদি গরীব হয় তাহলে তার বন্ধকী জামা নিজের কাছে রেখে তুমি ঘুমাবে না।
13
সূর্যাস্তের সময় তুমি অবশ্যই তার বন্ধকী জামা ফেরত দেবে, তাহলে সে নিজের জামা গায়ে দিয়ে শুতে পারবে এবং তোমাকে আশীর্বাদ করবে। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তোমার এই আচরম সৎকর্ম বলে বিবেচিত হবে।
14
তোমাদের স্বজাতীয় হোক বা তোমাদের দেশ ও নগরে বসবাসকারী বিদেশীই হোক দীনদরিদ্র জনমজুরের উপর তোমরা অবিচার করবে না।
15
দিনের মজুরী তাকে সে দিনই সূর্যাস্তের আগেই দিয়ে দেবে। কারণ সে গরীব এবং ঐ মজুরীর উপরই তার ভরসা। সে যদি তোমার বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের কাছে নালিশ জানায় তাহলে তা তোমার পক্ষে পাপ বলে গণ্য হবে।
16
সন্তানের অপরাধে পিতার কিংবা পিতার অপরাধে সন্তানের প্রাণদণ্ড হবে না। নিজ অপরাধের জন্যই অপরাধী প্রাণদণ্ডে দণ্ডিত হবে।
17
বিদেশী ও পিতৃহীনদের তোমরা ন্যায়বিচারে বঞ্চিত করবে না এবং বিধবাদের বস্তু বন্ধক রাখবে না।
18
মনে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, আর তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।
19
ক্ষেতে ফসল কাটার সময় যদি ভুলে এক আঁটি শস্য তুমি ক্ষেতে ফেলে রেখে যাও তাহলে সেটি আর আনতে যেও না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে দেবে তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সর্ববিষয়ে তোমাকে আশীর্বাদ করবেন।
20
জলপাই গাছের ফল সংগ্রহের সময় গাছের ডালগুলি দ্বিতীয়বার ঝাড়াই করবে না। গাছের অবশিষ্ট ফল বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য রেখে দিও।
21
দ্রাক্ষাকুঞ্জ থেকে আঙুর সংগ্রহ করার সময় দ্বিতীয়বার তুমি আঙুর কুড়াবে না। বিদেশী, পিতৃহীন ও বিধবাদের জন্য ছেড়ে রেখ।
22
স্মরণে রেখ, মিশরে তোমরা দাস ছিলে, সেই জন্যই আমি তোমাদের এই কাজ করার নির্দেশ দিচ্ছি।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন