তখন মাবুদ আমাকে বললেন, তুমি ওকে ভয় করো না, কেননা আমি ওকে, ওর সমস্ত লোক ও ওর দেশ তোমার হাতে তুলে দিলাম; তুমি যেমন হিষ্বোন-নিবাসী আমোরীয়দের বাদশাহ্ সীহোনের প্রতি করেছ, তেমনি ওর প্রতিও করবে।
আমরা হিষ্বোনের বাদশাহ্ সীহোনের প্রতি যেমন করেছিলাম, সেভাবে তাদেরকে নিঃশেষে ধ্বংস করলাম, স্ত্রীলোক ও বালক-বালিকাসুদ্ধ তাদের সমস্ত বসতি নগর ধ্বংস করলাম।
(ফলত অবশিষ্ট রফায়ীয়দের মধ্যে শুধু বাশনের বাদশাহ্ উজ অবশিষ্ট ছিলেন; দেখ, তাঁর পালঙ্ক লোহার তৈরি; তা কি অম্মোনীয়দের রব্বা নগরে নেই? মানুষের হাতের পরিমাণানুসারে তা লম্বায় নয় ও চওড়ায় চার হাত।)
আর গিলিয়দের অবশিষ্ট অংশ ও সমস্ত বাশন অর্থাৎ উজের রাজ্য, সমস্ত বাশনের সঙ্গে অর্গোবের সমস্ত অঞ্চল আমি মানশার অর্ধেক বংশকে দিলাম। (তা-ই রফায়ীয় দেশ বলে বিখ্যাত।
মানশার সন্তান যায়ীর গশূরীয়দের ও মাখাথীয়দের সীমা পর্যন্ত অর্গোবের সমস্ত অঞ্চল নিয়ে তাদের নাম অনুসারে বাশন দেশের সেসব স্থানের নাম হবোৎ-যায়ীর রাখল; আজও সেই নাম প্রচলিত আছে।)
আর অরাবা উপত্যকা, জর্ডান ও তৎপরিসীমা, কিন্নেরৎ থেকে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্ব দিকে পিস্গা পাহাড়শ্রেণীর ঢালু অংশের নিচে লবণ-সমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
আর সেই সময়ে তোমাদেরকে এই হুকুম দিলাম, তোমাদের আল্লাহ্ মাবুদ অধিকার হিসেবে এই দেশ তোমাদেরকে দিয়েছেন। তোমাদের সমস্ত যোদ্ধা যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে তোমাদের ভাইদের অর্থাৎ বনি-ইসরাইলদের সম্মুখে পার হয়ে যাবে।
পরে মাবুদ তোমাদের ভাইদেরকে তোমাদের মত বিশ্রাম দিলে, জর্ডানের ওপারে যে দেশ তোমাদের আল্লাহ্ মাবুদ তাদেরকে দিচ্ছেন, তারাও সেই দেশ অধিকার করবে; তখন তোমরা প্রত্যেকে আমার দেওয়া নিজ নিজ অধিকারে ফিরে আসবে।
আর সেই সময়ে আমি ইউসাকে হুকুম দিলাম, তোমাদের আল্লাহ্ মাবুদ সেই দুই বাদশাহ্র প্রতি যা করেছেন, তা তুমি স্বচক্ষে দেখেছ; তুমি পার হয়ে যে যে রাজ্যের বিরুদ্ধে যাবে, সেসব রাজ্যের প্রতি মাবুদ সেরকম করবেন।
হে সার্বভৌম মাবুদ, তুমি নিজের গোলামের কাছে নিজের মহিমা ও শক্তিশালী হাত প্রকাশ করতে আরম্ভ করলে; বেহেশতে বা দুনিয়াতে এমন আল্লাহ্ আর কে আছে যে তোমার কাজের মত কাজ ও তোমার বিক্রমী কাজের মত কাজ করতে পারে?
কিন্তু তুমি ইউসাকে হুকুম কর, তাকে উৎসাহ দাও এবং তাকে শক্তিশালী কর, কেননা সে এই লোকদের অগ্রগামী হয়ে পার হবে, আর যে দেশ তুমি দেখবে, সেই দেশ সে তাদেরকে অধিকার করাবে।