কিন্তু আজ তুমি এই কথা জেনে রাখ যে, তোমার আল্লাহ্ মাবুদ নিজে ধ্বংসকারী আগুনের মত তোমার আগে আগে যাচ্ছেন। তিনি তাদেরকে সংহার করবেন, তাদেরকে তোমার সম্মুখে নত করবেন; তাতে মাবুদ তোমাকে যেমন বলেছেন, তেমনি তুমি তাদেরকে অধিকারচ্যুত করবে ও শীঘ্র বিনষ্ট করবে।
তোমার আল্লাহ্ মাবুদ যখন তোমার সম্মুখ থেকে তাদেরকে তাড়িয়ে দেবেন, তখন মনে মনে এমন ভেবো না যে, আমার ধার্মিকতার জন্যই মাবুদ আমাকে এই দেশ অধিকার করাতে এনেছেন। বাস্তবিক সেই জাতিদের নাফরমানীর জন্যই মাবুদ তাদেরকে তোমার সম্মুখে অধিকারচ্যুত করবেন।
তোমার ধার্মিকতা কিংবা হৃদয়ের সরলতার জন্য তুমি যে তাদের দেশ অধিকার করতে যাচ্ছ, তা নয়; কিন্তু সেই জাতিদের নাফরমানীর জন্য এবং তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইস্হাক ও ইয়াকুবের কাছে কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন তা সফল করার অভিপ্রায়ে তোমার আল্লাহ্ মাবুদ তোমার সম্মুখে তাদেরকে অধিকারচ্যুত করবেন।
তুমি মরুভূমির মধ্যে তোমার আল্লাহ্ মাবুদকে যেরকম অসন্তুষ্ট করেছিলে, তা স্মরণে রেখো, ভুলে যেও না; মিসর দেশ থেকে বের হয়ে আসার দিন থেকে এই স্থানে আগমন পর্যন্ত তোমরা মাবুদের বিরুদ্ধাচারী হয়ে আসছ।
যখন আমি সেই দুই পাথরের ফলক, অর্থাৎ তোমাদের সঙ্গে মাবুদের কৃত শরীয়তের দুই পাথরের ফলক গ্রহণ করার জন্য পর্বতে উঠেছিলাম, তখন চল্লিশ দিন ও চল্লিশ রাত পর্বতে অবস্থান করেছিলাম, কোন রুটি ভোজন বা পানি পান করি নি।
আর মাবুদ আমাকে আল্লাহ্র আঙ্গুল দ্বারা লেখা সেই দু’টি পাথরের ফলক দিয়েছিলেন; পর্বতে জমায়েত হবার দিনে আগুনের মধ্য থেকে মাবুদ তোমাদেরকে যা যা বলেছিলেন, সেসব কালাম ঐ দু’টি পাথরের ফলকে লেখা ছিল।
আর মাবুদ আমাকে বললেন, উঠ, এই স্থান থেকে শীঘ্র নেমে যাও; কেননা তোমার যে লোকদেরকে তুমি মিসর থেকে বের করে এনেছ, তারা ভ্রষ্ট হয়েছে; আমার নির্দেশিত পথ থেকে শীঘ্রই বিপথগামী হয়েছে, নিজেদের জন্য ছাঁচে ঢালা একটি মূর্তি তৈরি করেছে।
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করেছিলে, নিজেদের জন্য ছাঁচে ঢালা একটি বাছুর তৈরি করেছিলে; মাবুদের নির্দেশিত পথ থেকে শীঘ্রই বিপথগামী হয়েছিলে।
আর তোমরা মাবুদের দৃষ্টিতে যা মন্দ, তা করে যে গুনাহ্ করেছিলে, তাঁর অসন্তোষজনক তোমাদের সেসব গুনাহ্র জন্য আমি আগের মত চল্লিশ দিন ও চল্লিশ রাত মাবুদের সম্মুখে উবুড় হয়ে রইলাম, কোন রুটি ভোজন বা পানি পান করি নি।
আর তোমাদের গুনাহ্, সেই যে বাছুর তোমরা তৈরি করেছিলে, তা নিয়ে আগুনে পুড়িয়ে দিলাম ও যে পর্যন্ত তা ধূলির মত মিহি না হল সেই পর্যন্ত পিষে উত্তমরূপে চূর্ণ করলাম; পরে পর্বত থেকে বয়ে আসা পানির স্রোতে তার ধূলি নিক্ষেপ করলাম।
তারপর মাবুদ যে সময়ে কাদেশ-বর্ণেয় থেকে তোমাদেরকে প্রেরণ করে বললেন, তোমরা উঠে যাও, আমি তোমাদেরকে যে দেশ দিয়েছি, তা অধিকার কর; সেই সময় তোমরা তোমাদের আল্লাহ্ মাবুদের হুকুমের বিরুদ্ধাচারী হলে, তাতে বিশ্বাস করলে না ও তাঁর কথায় কান দিলে না।
আর আমি মাবুদের কাছে এই মুনাজাত করলাম, হে আল্লাহ্ মালিক, তুমি আপনার অধিকারস্বরূপ যে লোকদেরকে তোমার মহত্বে মুক্ত করেছ ও শক্তিশালী হাত দিয়ে মিসর থেকে বের করে এনেছ, তাদেরকে বিনষ্ট করো না।
পাছে তুমি আমাদেরকে যে দেশ থেকে বের করে এনেছ, সেই দেশীয় লোকেরা এই কথা বলে, মাবুদ ওদেরকে যে দেশ দিতে ওয়াদা করেছিলেন, সেই দেশে নিয়ে যেতে পারেন নি এবং তাদেরকে ঘৃণা করেছেন বলেই তিনি মরুভূমিতে হত্যা করার জন্য তাদেরকে বের করে এনেছেন।