এই মল্কীষেদক শালেমের রাজা ও মহান ঈশ্বরের পুরোহিত ছিলেন। অব্রাহাম যখন রাজাদের হারিয়ে দিয়ে ফিরে আসছিলেন তখন তাঁর সংগে এই মল্কীষেদকের দেখা হয়েছিল। মল্কীষেদক অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন,
আর অব্রাহাম সব জিনিসের দশ ভাগের এক ভাগ তাঁকে দিয়েছিলেন। মল্কীষেদক শব্দটার অর্থ হল ন্যায়ের রাজা। মল্কীষেদক আবার শালেমেরও রাজা ছিলেন, আর তার অর্থ হল শান্তির রাজা।
লেবির বংশের মধ্যে যাঁরা পুরোহিত হন, ইস্রায়েলীয়দের কাছ থেকে, অর্থাৎ তাঁদের ভাইদের কাছ থেকে আইন মত দশ ভাগের এক ভাগ তাঁদের আদায় করতে হয়। এই ভাইয়েরা অব্রাহামের বংশধর হলেও তা করতে হয়।
কিন্তু এই মল্কীষেদক লেবির বংশধর না হয়েও অব্রাহামের কাছ থেকে দশ ভাগের এক ভাগ আদায় করেছিলেন এবং যাঁর কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন সেই অব্রাহামকে আশীর্বাদও করেছিলেন।
একদিকে দেখা যাচ্ছে, মৃত্যুর অধীন লেবীয়েরাই দশ ভাগের এক ভাগ আদায় করে; কিন্তু অন্য দিকে দেখা যাচ্ছে, যিনি জীবিত আছেন বলে সাক্ষ্য দেওয়া হয়েছে তিনি, অর্থাৎ মল্কীষেদকই দশ ভাগের এক ভাগ আদায় করছেন।
এতে এমনও বলা চলে যে, লেবির বংশের যিনি দশ ভাগের এক ভাগ আদায় করেন তিনিও অব্রাহামের মধ্য দিয়ে মল্কীষেদককে দশ ভাগের এক ভাগ দিয়েছিলেন; কারণ অব্রাহামের সংগে যখন মল্কীষেদকের দেখা হয়েছিল তখন এই লেবি তাঁর পূর্বপুরুষ অব্রাহামের দেহের মধ্যে ছিলেন।
যাঁরা পুরোহিতের কাজ করতেন সেই লেবির বংশধরদের কাজের উপর ভিত্তি করে ঈশ্বর ইস্রায়েলীয়দের তাঁর আইন-কানুন দিয়েছিলেন। লেবির বংশের পুরোহিতদের কাজের মধ্য দিয়ে যদি পূর্ণতা লাভ করা যেত, তবে প্রথম লেবীয় পুরোহিত হারোণের বদলে মল্কীষেদকের মত অন্য আর একজন পুরোহিতের আসবার কি দরকার ছিল?
যাঁর বিষয়ে আমি এই সব কথা বলছি সেই যীশু লেবির বংশ থেকে আসেন নি বরং অন্য এক বংশ থেকে এসেছিলেন। সেই বংশের কেউ কখনও পুরোহিত হিসাবে বেদীর উপর পশু উৎসর্গ করেন নি।
মোশির আইন-কানুন কোন কিছুকেই পূর্ণতা দান করতে পারে নি, তাই আগে পুরোহিতের কাজের যে নিয়ম ছিল তা দুর্বল ও অকেজো বলে বাতিল করা হয়েছে। এখন তার জায়গায় তার চেয়ে মহান একটা আশ্বাস দেওয়া হয়েছে। সেই আশ্বাসের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারি।
কিন্তু তিনি যীশুকে মহাপুরোহিত করবার সময় শপথ করেছিলেন। পবিত্র শাস্ত্রে এই সম্বন্ধে লেখা আছে, প্রভু শপথ করেছেন, “তুমি চিরকালের জন্য পুরোহিত।” এই বিষয়ে তিনি তাঁর মন বদলাবেন না।
অন্যান্য মহাপুরোহিতেরা যেমন প্রথমে নিজের ও পরে অন্যদের পাপের জন্য পশু উৎসর্গ করতেন, সেইভাবে এই পুরোহিতের তা করবার দরকার ছিল না, কারণ তিনি চিরকালের মত একবারই নিজের জীবন উৎসর্গ করে সেই কাজ শেষ করেছেন।
আইন-কানুন দুর্বল-মনা লোকদেরই মহাপুরোহিতের পদে নিযুক্ত করে; কিন্তু আইন- কানুনের পরে যে শপথ করা হয়েছিল সেই শপথ চিরকালের জন্য পূর্ণতা পাওয়া ঈশ্বরের পুত্রকে মহাপুরোহিতের পদে নিযুক্ত করেছে।