পুরোহিত হিসাবে তাঁদের এই কাজ স্বর্গের কাজের মাত্র একটা নমুনা ও ছায়া। সেইজন্য মোশি যখন সেই উপাসনা-তাম্বুটা তৈরী করতে যাচ্ছিলেন তখন ঈশ্বর এই বলে মোশিকে সতর্ক করেছিলেন, “সিনাই পাহাড়ের উপরে তোমাকে যে নমুনা দেখানো হল ঠিক সেইমতই যেন সব কিছু তৈরী করা হয় তা দেখো।”
কিন্তু এখন আমরা দেখছি, যীশু যে পুরোহিতের কাজ পেয়েছেন তা ঐ পুরোহিতদের কাজের চেয়েও অনেক উপরে, যেমন করে যে ব্যবস্থার মধ্যস্থ তিনি হয়েছেন সেই ব্যবস্থা আগের ব্যবস্থার চেয়েও অনেক উপরে; কারণ এই ব্যবস্থা আরও ভাল ভাল প্রতিজ্ঞার উপর নির্ভর করছে।
কিন্তু ঈশ্বর তাঁর লোকদের দোষ দেখাবার জন্য পবিত্র শাস্ত্রে বলেছেন: প্রভু বলেন, “সময় আসছে যখন আমি ইস্রায়েল ও যিহূদার লোকদের জন্য একটা নতুন ব্যবস্থা স্থাপন করব।
মিসর দেশ থেকে তাদের পূর্বপুরুষদের আমি হাত ধরে বের করে আনবার সময় তাদের জন্য যে ব্যবস্থা স্থাপন করেছিলাম এই নতুন ব্যবস্থা সেই ব্যবস্থার মত হবে না। তারা আমার সেই ব্যবস্থা মত চলে নি বলে আমি তাদের দিকে মনোযোগ দিই নি।” প্রভু এই কথা বলেন।
প্রভু আরও বলেন, “পরে আমি ইস্রায়েলীয়দের জন্য যে ব্যবস্থা স্থাপন করব। তা হল, আমার আইন-কানুন আমি তাদের মনের মধ্যে রাখব এবং তাদের অন্তরেও তা লিখে রাখব। আমি তাদের ঈশ্বর হব আর তারা আমারই লোক হবে।