তুরীধ্বনি শোনা মাত্রই তোমাদের সমগ্র সেনাবাহিনী একসঙ্গে রণহুঙ্কার দিয়ে উঠবে, আর সেই মুহূর্তে নগরের প্রাচীর ধসে পড়বে। সঙ্গে সঙ্গে ইসরায়েলীরা নগরে সবেগে প্রবেশ করবে।
এই নগর এবং এখানকার সব কিছুই তাঁর। একে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। কেবলমাত্র বারাঙ্গনা রাহাব এবং তার বাড়ির লোকজন রক্ষা পাবে, কারণ সে আমাদের চরদের লুকিয়ে রেখেছিল।
ধ্বংসের জন্য নির্দিষ্ট সমস্ত বস্তু সম্পর্কে তোমরা সাবধান থেক, কারণ ধ্বংস করার পর সেই সমস্ত দ্রব্যের কোন কিছু তোমরা গ্রহণ করলে ইসরায়েলীদের শিবিরও ধ্বংসের জন্য নিরূপিত হবে এবং তোমরা নিজেদের বিপদ ডেকে আনবে।
তুরীধ্বনি শোনামাত্র লোকেরা রণহুঙ্কার দিয়ে উঠল। শিঙার আওয়াজ শোনামাত্র সেই প্রচণ্ড হুঙ্কারের সঙ্গে সঙ্গে ধসে পড়ল নগরের প্রাচীর। ইসরায়েলীরা ঝাঁপিয়ে পড়ল। দখল করে নিল যিরিহো নগর।
যে দুজন চর দেশের খোঁজখবর আনতে গিয়েছিল, তাদের যিহোশূয় বললেন, তোমরা সেই বারাঙ্গনার বাড়িতে যাও এবং তার কাছে তোমরা যে শপথ করেছিলে, সেই অনুযায়ী ঐ নারী ও তার আত্মীয়স্বজনদের বার করে আন।
যিহোশূয় রাহাব এবং তার পিতৃকুলের আত্মীয়স্বজনদের প্রাণরক্ষা করলেন। তার বংশধরেরা আজও ইসরায়েলীদের মাঝেই বাস করছে, কারণ যিরিহো নগর পর্যবেক্ষণ করার জন্য যিহোশূয় যে গুপ্তচরদরে পাঠিয়েছিলেন তাদের সে গোপনে আশ্রয় দিয়েছিল।
যিহোশূয় দিব্য দিয়ে ইসরায়েলীদের বললেন, যিরিহো নগর প্রতিষ্ঠায় যে উদ্যোগী হবে তার উপর নেমে আসবে প্রভুর অভিশাপ। এর শিল্যান্যাসের দণ্ডরূপে সে হারাবে তার জ্যেষ্ঠপুত্রকে, হারাতে হবে তার কনিষ্ঠ পুত্রকে, যদি গেঁথে তোলে এর নগর তোরণ।