যখন তোমরা শুনবে সেই পুরোহিতেরা শিংগায় একটানা আওয়াজ তুলেছে তখন সব লোকেরা খুব জোরে চিৎকার করে উঠবে। তাতে শহরের দেয়াল ধ্বসে পড়ে যাবে আর তখন ইস্রায়েলীয়েরা তার উপর দিয়ে সোজা ভিতরে ঢুকে যাবে।”
লোকদের কাছে যিহোশূয়ের কথা বলা শেষ হলে পর সদাপ্রভুর সামনে সাতজন পুরোহিত সাতটা শিংগা নিয়ে বাজাতে বাজাতে চললেন আর তাঁদের পিছনে পিছনে চলল সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুক।
যে পুরোহিতেরা শিংগা বাজাচ্ছিলেন তাঁদের আগে আগে চলল অস্ত্র হাতে একদল সৈন্য আর সিন্দুকের পিছনে পিছনে চলল পিছনে থাকা রক্ষীদল। পুরোহিতেরা সারা পথেই শিংগা বাজাতে থাকলেন।
যিহোশূয় আগেই লোকদের এই আদেশ দিয়েছিলেন, “তোমরা চিৎকার করবে না কিম্বা জোরে কথা বলবে না কিম্বা মুখ দিয়ে কোন শব্দ বের করবে না। যেদিন আমি তোমাদের চিৎকার করতে বলব কেবল সেই দিনই তোমরা চিৎকার করবে।”
সাতজন পুরোহিত সাতটা শিংগা নিয়ে বাজাতে বাজাতে সদাপ্রভুর সিন্দুকের আগে আগে চললেন। অস্ত্র হাতে একদল সৈন্য তাঁদের আগে আগে চলল আর সদাপ্রভুর সিন্দুকের পিছনে চলল পিছনে থাকা রক্ষীদল; পুরো সময় ধরে শিংগার আওয়াজ শোনা গেল।
সপ্তম বার ঘুরবার সময় যখন পুরোহিতেরা শিংগাতে একটানা আওয়াজ তুললেন তখন যিহোশূয় লোকদের হুকুম দিলেন, “তোমরা খুব জোরে চিৎকার কর, কারণ সদাপ্রভু শহরটা তোমাদের দিয়েছেন।
শহর ও তার মধ্যেকার সব কিছু সদাপ্রভুর দেওয়া ধ্বংসের অভিশাপের অধীন। কেবল বেশ্যা রাহব ও তার ঘরে যে সব লোক রয়েছে তারা বেঁচে থাকবে, কারণ আমাদের পাঠানো লোকদের সে লুকিয়ে রেখেছিল।
কিন্তু যে সব জিনিস ধ্বংসের অভিশাপের অধীন তা থেকে তোমরা দূরে থাকবে যাতে সেখান থেকে কোন কিছু নিজের জন্য নিয়ে তোমরা নিজেদের উপর সর্বনাশ ডেকে না আন। তা করলে তোমরা ইস্রায়েলীয়দের ছাউনির উপর সর্বনাশ ডেকে আনবে এবং তাদের বিপদের মধ্যে ফেলবে।
শিংগা বেজে উঠবার সংগে সংগে লোকেরা খুব জোরে চিৎকার করে উঠল। শিংগার আওয়াজে যখন লোকেরা ভীষণভাবে চিৎকার করে উঠল তখন যিরীহো শহরের দেয়াল ধ্বসে পড়ে গেল। তাতে সমস্ত লোক শহরের মধ্যে ঢুকে পড়ল এবং তা দখল করে নিল।
যে দু’জন গুপ্তচর দেশটা দেখে নেবার জন্য এসেছিল যিহোশূয় তাদের বললেন, “তোমরা ঐ বেশ্যার কাছে যে শপথ করেছিলে সেই অনুসারে তোমরা তার বাড়ীতে গিয়ে তাকে এবং তার সমস্ত লোকদের বের করে নিয়ে এস।”
এই কথা শুনে সেই যুবক গুপ্তচরেরা রাহবের বাড়ীর ভিতরে ঢুকে তাকে, তার মা-বাবাকে, তার ভাইদের এবং বাড়ীর অন্যান্যদের বের করে নিয়ে আসল। তারা রাহবের পরিবারের সবাইকে বের করে এনে ইস্রায়েলীয়দের ছাউনির বাইরে একটা জায়গায় থাকতে দিল।
যিহোশূয় যে দু’জন গুপ্তচরকে যিরীহোতে পাঠিয়েছিলেন রাহব বেশ্যা তাদের লুকিয়ে রেখেছিল বলে যিহোশূয় তাকে, তার বাবার পরিবারের লোকদের এবং বাড়ীর অন্যান্যদের রক্ষা করেছিলেন। রাহব আজও ইস্রায়েলীয়দের মধ্যে বাস করছে।
এর পর যিহোশূয় শপথ করে বলেছিলেন, “এই যিরীহো শহরটা যে লোক আবার গড়ে তুলবে তার উপর সদাপ্রভুর এই অভিশাপ পড়বে: প্রথম ছেলের জীবন দিয়ে সে তার ভিত্তি গাঁথবে, আর ছোট ছেলের জীবন দিয়ে তার ফটকগুলো গড়ে তুলবে।”