যর্দন নদীর পশ্চিম দিকের রাজারা এই সব কথা শুনতে পেলেন। এঁরা ছিলেন উঁচু পাহাড়ী এলাকার এবং তার নীচের পাহাড়ী এলাকার দেশগুলোর আর লেবানন পর্যন্ত ভূমধ্য সাগরের সমস্ত কিনারা ধরে যে দেশগুলো ছিল সেগুলোর রাজা। এঁরা ছিলেন হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরিষীয়, হিব্বীয় এবং যিবূষীয়দের রাজা।
যিরীহো এবং অয়ের অবস্থা যিহোশূয় যা করেছেন তা যখন গিবিয়োন শহরের বাসিন্দা হিব্বীয়েরা শুনল তখন তারা একটা চালাকি খাটাল। তাদের পক্ষ থেকে এক দল লোক যিহোশূয়ের কাছে রওনা হল। তারা তাদের গাধার উপরে পুরানো বস্তা এবং ফাটা ও তালি দেওয়া আংগুর-রস রাখবার পুরানো চামড়ার থলি চাপালো।
এইভাবে তারা গিল্গলে ইস্রায়েলীয়দের ছাউনিতে যিহোশূয়ের সামনে উপস্থিত হল। তারা তাঁকে ও ইস্রায়েলীয়দের বলল, “আমরা অনেক দূর দেশ থেকে এসেছি; আপনারা আমাদের সংগে সন্ধি করুন।”
আমাদের বৃদ্ধ নেতারা এবং আমাদের দেশের বাসিন্দারা সবাই আমাদের এই নির্দেশ দিয়েছেন যে, আমরা যেন যাত্রাপথের জন্য খাবার সংগে নিয়ে আপনাদের সংগে দেখা করে বলি, ‘আমরা আপনাদের দাস এবং আপনারা আমাদের সংগে একটা সন্ধি করুন।’
আংগুর-রস রাখবার থলিগুলোও ভরে নিয়েছিলাম এবং সেগুলো নতুন ছিল কিন্তু দেখুন, এখন সেগুলো কি রকম ফেটে গেছে। এত দূরের পথ আসতে আমাদের পায়ের জুতা আর গায়ের কাপড়ও পুরানো হয়ে গেছে।”
ইস্রায়েলীয়েরা কিন্তু তাদের আক্রমণ করল না, কারণ তাদের সমাজের নেতারা ইস্রায়েলীয়দের ঈশ্বর সদাপ্রভুর নামে তাদের কাছে শপথ করেছিলেন। এতে নেতাদের বিরুদ্ধে গোটা ইস্রায়েল সমাজটাই বিরক্তি প্রকাশ করতে লাগল।
তাঁরা আরও বললেন, “তারা বেঁচে থাকুক।” সেইজন্য গিবিয়োনীয়দের সম্বন্ধে নেতাদের কথা অনুসারে তারা ইস্রায়েলীয় সমাজের সমস্ত লোকদের জন্য কাঠ কাটবার এবং জল আনবার লোক হল।
উত্তরে তারা যিহোশূয়কে বলল, “এই গোটা দেশটাই আপনাদের দেবার জন্য এবং আপনাদের সামনে থেকে এই দেশের সবাইকে মুছে ফেলবার জন্য যে আদেশ আপনার ঈশ্বর সদাপ্রভু তাঁর দাস মোশিকে দিয়েছিলেন তা পরিষ্কার ভাবেই আপনার এই দাসদের কাছে বলা হয়েছিল। সেইজন্য আপনাদের বিষয়ে সব কথা শুনে প্রাণের ভয়ে আমরা এই কাজ করেছি।
যিহোশূয় গিবিয়োনীয়দের সেই দিনই হুকুম দিলেন যেন তারা ইস্রায়েলীয়দের জন্য এবং সদাপ্রভু যে জায়গা বেছে নেবেন সেই জায়গায় সদাপ্রভুর বেদীর জন্য কাঠ কাটবার ও জল আনবার কাজ করে। আজও তারা সেই কাজ করছে।