এদিকে তালুতের ছেলে যোনাথন একদিন তাঁর অস্ত্র বহনকারী যুবকটিকে বললেন, “চল, আমরা ওপাশে ফিলিস্তিনীদের ছাউনিতে যাই।” কথাটা কিন্তু তিনি তাঁর বাবাকে জানালেন না।
আর তাদের মধ্যে ছিলেন অহিয়, যাঁর পরনে ছিল এফোদ। অহিয় ছিলেন অহীটুবের ছেলে, অহীটুব ছিলেন ঈখাবোদের ভাই, ঈখাবোদ ছিলেন পীনহসের ছেলে আর পীনহস ছিলেন আলীর ছেলে; আলী শীলোতে মাবুদের ইমাম ছিলেন। যোনাথন যে বের হয়ে গেছেন তা কেউ জানত না।
যে গিরিপথ পার হয়ে যোনাথন ফিলিস্তিনীদের সৈন্য-ছাউনির কাছে যাওয়ার কথা বলেছিলেন সেই গিরিপথের দু’পাশটা ছিল খাড়া উঁচু পাথরের দেয়ালের মত। তার এক পাশের নাম বোৎসেস ও অন্য পাশের নাম সেনি।
যোনাথন তাঁর অস্ত্র বহনকারী যুবকটিকে বললেন, “চল, আমরা ওপাশে ঐ খৎনা-না-করানো লোকদের ছাউনিতে যাই। হয়তো মাবুদ আমাদের জন্য কিছু করবেন, কারণ তিনি তাঁর নিজের ইচ্ছামতই কম লোক দিয়ে হোক বা বেশী লোক দিয়ে হোক জয়ী হতে পারেন।”
তাদের সৈন্য-ছাউনির লোকেরা যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বলল, “আমাদের কাছে উঠে আয়, তোদের দেখিয়ে দিচ্ছি।” তখন যোনাথন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “আমার পিছনে পিছনে উঠে এস। মাবুদ বনি-ইসরাইলদের হাতে ওদের দিয়ে রেখেছেন।”
যোনাথন চার হাত-পায়ে উপরে উঠে গেলেন আর তাঁর অস্ত্র বহনকারী লোকটিও তাঁর পিছনে পিছনে উঠে গেল। ফিলিস্তিনীরা যোনাথনের হাতে মারা পড়তে লাগল আর তাঁর অস্ত্র বহনকারী লোকটিও তাঁর পিছনে পিছনে ফিলিস্তিনীদের মারতে লাগল।
এর ফলে ফিলিস্তিনীদের যুদ্ধের মাঠের ছাউনিতে এবং সমস্ত সৈন্যদের মধ্যে একটা ভীষণ ভয় দেখা দিল; এমন কি, তাদের মিক্মসের ছাউনির ও হানাদার দলের সৈন্যেরা ভয়ে কাঁপতে লাগল, আর সেই সংগে ভূমিকমপও হল। সেই ভীষণ ভয় আল্লাহ্র কাছ থেকে এসেছিল।
তালুত তখন তাঁর সংগের লোকদের বললেন, “সৈন্যদের জমায়েত করে সাজিয়ে দেখ, কে আমাদের মধ্য থেকে চলে গেছে।” তাতে তারা দেখতে পেল যোনাথন ও তাঁর অস্ত্র বহনকারী লোকটি সেখানে নেই।
তারপর তালুত ও তাঁর সব সৈন্যেরা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে একত্র হয়ে যুদ্ধ করতে গেলেন। তাঁরা দেখলেন যে, ফিলিস্তিনীরা একজন আর একজনের উপর তলোয়ার চালাচ্ছে এবং তাদের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
আফরাহীমের পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা ইসরাইলীয়রাও যখন শুনল ফিলিস্তিনীরা পালিয়ে যাচ্ছে তখন তারাও বেরিয়ে এসে যুদ্ধে যোগ দিল এবং ফিলিস্তিনীদের পিছনে তাড়া করল।
সেই দিনটা বনি-ইসরাইলদের খুব কষ্টে কাটল, কারণ তালুত তাদের দিয়ে একটা কসম খাইয়ে নিয়েছিলেন যে, তিনি সন্ধ্যার আগ পর্যন্ত, শত্রুদের উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যদি কেউ কিছু খায় তবে তার উপর যেন বদদোয়া পড়ে। কাজেই সেই দিন লোকেরা কেউ কিছু খায় নি।
যোনাথন শোনেন নি যে, তাঁর পিতা লোকদের দিয়ে এই রকম একটা কসম খাইয়ে নিয়েছেন। তাই তিনি তাঁর হাতের লাঠির আগাটা বাড়িয়ে মৌচাকে ঢুকালেন এবং মধু হাতে নিয়ে খেতে লাগলেন। তাতে তাঁর শরীরে শক্তি ফিরে আসল।
তখন সৈন্যদের একজন তাঁকে বলল, “আপনার বাবা সৈন্যদের দিয়ে একটা কঠিন কসম খাইয়ে নিয়েছেন আর বলেছেন, ‘আজ যদি কেউ কিছু খায় তবে তার উপর বদদোয়া পড়বে।’ তাই লোকেরা এত দুর্বল হয়ে পড়েছে।”
তখন লোকেরা গিয়ে তালুতকে বলল, “দেখুন, ওরা সবাই রক্তসুদ্ধ গোশ্ত খেয়ে মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করছে।” তিনি বললেন, “তোমরা বেঈমানী করেছ। এখন আর দেরি না করে একটা বড় পাথর গড়িয়ে এখানে নিয়ে এস।”
তারপর তিনি বললেন, “তোমরা লোকদের মধ্যে গিয়ে বল যেন তারা তাদের বলদ বা ভেড়া এখানে আমার কাছে নিয়ে এসে জবাই করে আর তার পরে খায়। রক্তসুদ্ধ গোশ্ত খেয়ে কেউ যেন মাবুদের বিরুদ্ধে গুনাহ্ না করে।” সেই রাতে লোকেরা যে যার বলদ নিয়ে এসে সেখানে জবাই করল।
পরে তালুত বললেন, “চল, আজ রাতে আমরা ফিলিস্তিনীদের তাড়া করি এবং সকাল পর্যন্ত তাদের জিনিসপত্র লুট করি। তাদের একজনকেও আমরা বাঁচিয়ে রাখব না।” জবাবে লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।” কিন্তু ইমাম বললেন, “চলুন, এখানে আমরা প্রথমে আল্লাহ্র কাছে জিজ্ঞাসা করি।”
তখন তালুত আল্লাহ্কে জিজ্ঞাসা করলেন, “আমি কি ফিলিস্তিনীদের তাড়া করব? বনি-ইসরাইলদের হাতে কি তুমি তাদের তুলে দেবে?” কিন্তু আল্লাহ্ সেই দিন তালুতকে কোন জবাব দিলেন না।
তালুত তখন সমস্ত বনি-ইসরাইলদের বললেন, “আপনারা এক দিকে দাঁড়ান, আর আমি ও আমার ছেলে যোনাথন অন্য দিকে দাঁড়াই।” লোকেরা বলল, “আপনি যা ভাল মনে করেন তা-ই করুন।”
কিন্তু লোকেরা তালুতকে বলল, “কি? যাঁর জন্য বনি-ইসরাইলরা এই মহা উদ্ধার পেয়েছে সেই যোনাথনকে মরতে হবে? কখনও না; আল্লাহ্র কসম যে, তাঁর একটা চুলও মাটিতে পড়বে না, কারণ তিনি আজ যা করেছেন তা আল্লাহ্র সংগে থেকেই করেছেন।” লোকেরা এইভাবে যোনাথনকে রক্ষা করল, তাঁকে হত্যা করা হল না।
তালুত বনি-ইসরাইলদের বাদশাহ্ হবার পর দেশের চারপাশের সমস্ত শত্রুদের সংগে, অর্থাৎ মোয়াবীয়, অম্মোনীয়, ইদোমীয়, সোবার বাদশাহ্দের ও ফিলিস্তিনীদের সংগে যুদ্ধ করেছিলেন। তিনি যেদিকে যেতেন সেদিকেই ভীষণ ক্ষতি করতেন।