পরে হান্না মুনাজাত করে বললেন, আমার অন্তঃকরণ মাবুদে উল্লসিত, আমার শৃঙ্গ মাবুদে উন্নত হল; দুশমনদের কাছে আমার মুখ বিকশিত হল; কারণ তোমার নাজাতে আমি আনন্দিতা।
যারা পরিতৃপ্ত ছিল তারা খাদ্যের জন্য শ্রমজীবী মজুর হল, যারা ক্ষুধিত ছিল তারা বিশ্রাম লাভ করলো; এমন কি, বন্ধ্যা স্ত্রী সাতটি পুত্র প্রসব করলো, আর বহুপুত্রের মা ক্ষীণা হল।
তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন, সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান, কুলীনদের সঙ্গে বসিয়ে দেন, মহিমা-সিংহাসনের অধিকারী করেন। কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের; তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।
মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে; তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন; মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর বাদশাহ্কে বল দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।
এবং বাটিতে কিংবা হাঁড়িতে কিংবা কড়াইতে কিংবা পাত্রে তা মারত; আর সেই শূলে যা উঠতো, তা সকলই ইমাম শূলে করে নিয়ে যেত; ইসরাইলের যত লোক শীলোতে আসত, তাদের প্রত্যেকের প্রতি তারা এরকম ব্যবহার করতো।
পরে তাঁরা স্বস্থানে প্রস্থান করলেন। আর মাবুদ হান্নাকে দোয়া করলেন; তাতে তিনি গর্ভবতী হলেন, আর তিনি তিন পুত্র ও দুই কন্যা প্রসব করলেন। ইতোমধ্যে বালক শামুয়েল মাবুদের সাক্ষাতে বেড়ে উঠতে লাগলেন।
আর আলী অতিশয় বৃদ্ধ হলেন এবং সমস্ত ইসরাইলের প্রতি তাঁর পুত্রেরা যা যা করে, সেসব কথা এবং জমায়েত-তাঁবুর দরজার কাছে সেবা করার জন্য যে সমস্ত স্ত্রীলোক আসত তাদের সঙ্গে তারা শয়ন করে, সেই কথা তিনি শুনতে পেলেন।
মানুষ যদি মানুষের বিরুদ্ধে গুনাহ্ করে, তবে আল্লাহ্ তার বিচার করবেন; কিন্তু মানুষ যদি মাবুদের বিরুদ্ধে গুনাহ্ করে, তবে তার জন্য কে ফরিয়াদ করবে? তবুও তারা পিতার কথায় কান দিত না, কেননা তাদের হত্যা করা মাবুদের অভিপ্রেত ছিল।
পরে আল্লাহ্র এক জন লোক আলীর কাছে এসে বললেন, মাবুদ এই কথা বলেন, যে সময়ে তোমার পিতার কুল মিসরে ফেরাউন-কুলের অধীন ছিল, তখন আমি না প্রত্যক্ষরূপে তাদের দর্শন দিয়েছিলাম?
আমার ইমাম হবার জন্য, আমার কোরবানগাহ্র উপরে কোরবানী করতে ও ধূপ জ্বালাবার জন্য, আমার সাক্ষাতে এফোদ পরবার জন্য আমি না ইসরাইলের সমস্ত বংশ থেকে তাকে মনোনীত করেছিলাম? আর বনি-ইসরাইলদের অগ্নিকৃত সমস্ত উপহার না তোমার পিতৃকুলকে দিয়েছিলাম?
অতএব আমি আমার নিবাসে যা কোরবানী করতে হুকুম করেছি, আমার সেই কোরবানী ও নৈবেদ্যের উপরে তোমরা কেন পদাঘাত করছো? এবং আমার লোক ইসরাইলের সমস্ত কোরবানীর অগ্রিমাংশ দ্বারা যাতে তোমরা হৃষ্টপুষ্ট হও, এই আশায় তুমি কেন আমার চেয়ে তোমার পুত্রদেরকে বেশি গৌরবান্বিত করছো? অতএব ইসরাইলের আল্লাহ্ মাবুদ বলেন,
আমি নিশ্চয় বলেছিলাম; তোমার কুল ও তোমার পিতৃকুল যুগে যুগে আমার সম্মুখে গমনাগমন করবে, কিন্তু এখন মাবুদ বলেন, তা আমার কাছ থেকে দূরে থাকুক। কেননা যারা আমাকে গৌরবান্বিত করে, তাদেরকে আমি গৌরবান্বিত করবো; কিন্তু যারা আমাকে তুচ্ছ করে, তারা তুচ্ছতর হবে।
আর আমি আমার কোরবানগাহ্ থেকে তোমার যে লোককে ছেঁটে না ফেলব, সে তোমার চোখের ক্ষয় ও প্রাণের ব্যথা জন্মাবার জন্য থাকবে এবং তোমার কুলে উৎপন্ন সমস্ত লোক যৌবনাবস্থায় মারা যাবে।
আর আমি আমার জন্য এক জন বিশ্বস্ত ইমামকে উৎপন্ন করবো, সে আমার অন্তর ও আমার মনের মত কাজ করবে; আর আমি তার একটি স্থায়ী কুল প্রতিষ্ঠিত করবো; সে নিয়মিতভাবে আমার অভিষিক্ত ব্যক্তির সম্মুখে আসা যাওয়া করবে।
আর তোমার কুলের মধ্যে অবশিষ্ট প্রত্যেক জন একটি রূপার মুদ্রা ও এক খণ্ড রুটির জন্য তার কাছে ভূমিতে উবুড় হয়ে সালাম করতে আসবে, আর বলবে, আরজ করি, আমি যাতে এক খণ্ড রুটি খেতে পাই, সেজন্য একটি ইমামের পদে আমাকে নিযুক্ত করুন।