দাউদ সেখান থেকে মোয়াব দেশের মিসপাতে গিয়ে মোয়াব দেশের রাজার কাছে নিবেদন করলেন, মহারাজ, ঈশ্বর আমার জন্য কি করবেন তা যতদিন আমি জানতে না পারি ততদিনের জন্য অনুগ্রহ করে আমার মাতাপিতাকে আপনার কাছে আশ্রয় দিন।
পরে গাদ নামে একজন নবী দাউদকে বললেন, তুমি আর এই দুর্গম স্থানে থেক না, এ স্থান ত্যাগ করে যিহুদীয়া দেশে চলে যাও। দাউদ তখন সেই স্থান ত্যাগ করে হেরথ বনাঞ্চলে চলে গেলেন।
শৌল শুনতে পেলেন যে দাউদ ও তাঁর লোকজনের সন্ধান পাওয়া গিয়েছে। শৌল তখন গিবিয়ায় এক টিলার উপরে দেবস্থানে একটি ঝাউগাছের তলায় বসেছিলেন।তাঁর হাতে বর্শা ছিল এবং তাঁর অনুচরেরা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিল।
তিনি তাদের সম্বোধন করে বললেন, হে বিন্যামীনকুলের লোক, তোমরা সকলে শোন, যিশয়ের পুত্র কি তোমাদের প্রত্যেককে জমিজমা ও আঙ্গুরক্ষেত দেবে? সে কি তোমাদের সকলকেই সহস্র সৈন্যের বা শত সৈন্যের নায়ক করে দেবে?
এই জন্যই কি তোমরা সকলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? যিশয়ের পুত্রের সঙ্গে আমার পুত্র মৈত্রী সম্বন্ধ স্থাপন করেছে, সে কথা আমাকে কেউ জানায়নি, আমার পুত্র যে আজ আমার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আমারই কর্মচারীকে উস্কানি দিচ্ছে, তাতে আমার জন্য কারও কোন দুঃখ নেই বা কেউ সে কথা আমাকে জানায় না।
তারা সকলে রাজার কাছে এলেন। শৌল তখন বললেন, হে অহিটুবের পুত্র, শোন। তিনি উত্তর দিলেন, আদেশ করুন মহারাজ। শৌল তাঁকে বললেন, তুমি ও যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করেছ? তুমি তাকে রুটি ও তরবারি দিয়েছ, তার জন্য ঈশ্বরের নির্দেশ জানতে চেয়েছ, ফলে সে আজ আমার বিরুদ্ধে গিয়ে চক্রান্ত করছে।
অহিমেলক রাজাকে উত্তর দিলেন, মহারাজ, আপনার সমস্ত কর্মচারীর মধ্যে দাউদের মত বিশ্বস্ত কে? তিনি তো মহারাজের জামাতা, আপনার পার্শ্বচর সৈন্যদলের নায়ক এবং আপনার পরিবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি।
আমি কি এই প্রথমবার তার জন্য ঈশ্বরের নির্দেশ জানতে চেয়েছি? কখনই নয়। মহারাজ, আপনার এই দাস ও তার সমস্ত পিতৃকুলকে এর জন্য দোষী করবেন না, কারণ আপনার এই দাস এ ব্যাপারের কিছুই জানে না।
রাজা তাঁর কাছে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীদের বললেন, প্রভু পরমেশ্বরের এই পুরোহিতদের বধ কর। এরা দাউদের সাহায্যকারী, তার পালিয়ে যাওয়ার কথা জেনেও এরা সে কথা আমাকে জানায়নি। কিন্তু রাজার কর্মচারীদের কেউ প্রভু পরমেশ্বরের পুরোহিতদের উপর হস্তক্ষেপ করতে রাজী হল না।
তখন রাজা দোয়েগকে বললেন, তুমি এই পুরোহিতদের আক্রমণ কর। ইদোমী দোয়েগ তখন ঘুরে দাঁড়িয়ে পুরোহিতদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের পঁচাশি জনকে সেদিন হত্যা করল।
তাদের সকলের পরণে ক্ষৌমবস্ত্রের এফোদ ছিল। সেই পুরোহিতদের বাসস্থান নোব নগর আক্রমণ করে সে সেখানকার স্ত্রী, পুরুষ, বালক বালিকা, দুগ্ধপোষ্য শিশু, গরু, গাধা, ভেড়া নির্বিশেষে সকলকেই বধ করল।