×

পবিএ বাইবেল

১ শামুয়েল ৩

1
বালক শমুয়েল এলির অধীনে প্রভু পরমেশ্বরের পরিচর্যা করতেন। সেই সময় প্রভু পরমেশ্বরের বাণী দুলর্ভ ছিল, দিব্যদর্শনও সচরাচর ঘটত না।
2
সেই সময় দৃষ্টি ক্ষীণ হওয়ায় এলি আর দেখতে পেতেন না। একদিন তিনি নিজের ঘরে শুয়েছিলেন।
3
মন্দিরে দীপ তখনও নিভে যায়নি, প্রভু পরমেশ্বরের মন্দিরে যেখানে ঈশ্বরের চুক্তিসিন্দুকটি ছিল শমুয়েল সেখানে শুয়েছিলেন।
4
এমন সময়ে প্রভু পরমেশ্বর শমুয়েলকে আহ্বান করলেন, তিনি উত্তর দিলেন, এই যে আমি।
5
তিনি দৌড়ে এলির কাছে গিয়ে বললেন, আপনি আমায় ডেকেছেন? এই যে আমি। এলি বললেন, না, আমি ডাকি নি, তুমি ফিরে গিয়ে শোও।
6
তখন তিনি ফিরে গিয়ে শুয়ে পড়লেন। প্রভু আবার আহ্বান করলেন, শমুয়েল! শমুয়েল আবার উঠে এলির কাছে গিয়ে বললেন, আপনি আমায় ডেকেছেন? এই যে আমি। এলি বললেন, না, আমি ডাকি নি বৎস, তুমি ফিরে গিয়ে শোও।
7
শমুয়েল তখনও প্রভু পরমেশ্বরের পরিচয় পান নি এবং প্রভুর বাণীও তাঁর কাছে প্রকাশিত হয় নি।
8
প্রভু তৃতীয়বার শমুয়েলকে আহ্বান করলেন এবং শমুয়েল উঠে এলির কাছে গিয়ে বললেন, আপনি তো আমায় ডেকেছেন, এই তো আমি এলি তখন বুঝথে পারলেন যে প্রভু পরমেশ্বরই বালকটিকে আহ্বান করছেন।
9
তাই তিনি শমুয়েলকে বললেন, ফিরে গিয়ে শোও, যদি তিনি আবার তোমাকে ডাকেন তবে বলবে, বলুন প্রভু, আপনার দাস শুনছে। তখন শমুয়েল নিজের জায়গায় গিয়ে আবার শুয়ে পড়লেন।
10
পরে প্রভু পরমেশ্বর উপস্থিত হয়ে অন্যান্য বারের মত আহ্বান করলেন, শমুয়েল! শমুয়েল! শমুয়েল উত্তর দিলেন, বলুন, আপনার দাস শুনছে।
11
তখন প্রভু শমুয়েলকে বললেন, দেখ, ইসরায়েলকুলে আমি এমন এক কাজ করতে উদ্যত হয়েছি যে, তার কথা যে শুনবে সে শিউরে উঠবে।
12
আমি এলির পরিবারের বিরুদ্ধে যেসব কথা বলেছি, সেই দিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব পূর্ণ করব।
13
আমি তাকে বলেছি যে, সে জেনে শুনে যে অপরাধ করেছে তার জন্য আমি চিরকাল তার বংশকে দণ্ড দেব, কারণ তার পুত্রেরা ঈশ্বরনিন্দা করছে জেনেও সে তাদের নিবৃত্ত করেনি।
14
অতএব এলির বংশ সম্পর্কে আমি এই শপথ করেছি, বলিদান বা নৈবেদ্যের দ্বারা কখনও এলির বংশের প্রায়শ্চিত্ত হবে না।
15
শমুয়েল সকাল পর্যন্ত শুয়ে থাকলেন তারপর উঠে প্রভু পরমেশ্বরের মন্দিরের দ্বার খুললেন।
16
এই দর্শনের কথা তিনি এলিকে জানাতে শঙ্কিত হলেন। কিন্তু শমুয়েলকে ডেকে বললেন, বৎস শমুয়েল, তিনি উত্তর দিলেন, এই যে আমি।
17
এলি বললেন, তিনি তোমাকে কি বলেছেন? আমার কাছে কিছু গোপন করো না। তিনি তোমাকে যা বলেছেন তার কিছু যদি আমার কাছে গোপন কর তবে ঈশ্বরের অভিশাপ এবং দণ্ড তোমার উপর নেমে আসবে।
18
তখন শমুয়েল তাঁকে সব কথা বললেন, কিছুই গোপন করলেন না। এলি বললেন, তিনি প্রভু পরমেশ্বর, তাঁর বিবেচনায় যা ভাল তিনি তাই করুন।
19
প্রভু পরমেশ্বরের সাহচর্যে শমুয়েল বড় হতে লাগলেন। তিনি তাঁর কোন কথা বিফল হতে দিতেন না।
20
দান থেকে বের-শেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত লোক জানত যে শমুয়েল প্রভু পরমেশ্বরের প্রবক্তা নবীরূপে প্রতিষ্ঠিত হয়েছেন।
21
এরপর প্রভু পরমেশ্বর শীলোতে শমুয়েলকে যেখানে দর্শন দিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলেন, সেখানেই তিনি বার বার নিজেকে প্রকাশ করতে লাগলেন। পূর্ণ কর্তৃত্ব নিয়ে শমুয়েল সমগ্র ইসরায়েলীর কাছে কথা বলতেন। ইসরায়েলীরা তাঁর কথা শুনত।
Bengali CL BSI 2016
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L. 2016 by The Bible Society of India Used by permission. worldwide
:
নোট সংরক্ষণ করুন