আর ফিলিস্তিনীরা ইসরাইলের বিরুদ্ধে সৈন্য সজ্জিত করলো; যখন যুদ্ধ বেঁধে গেল তখন ইসরাইল ফিলিস্তিনীদের সম্মুখে আহত হল; তারা ঐ যুদ্ধক্ষেত্রে সৈন্যশ্রেণীর অনুমান চার হাজার লোককে হত্যা করলো।
পরে লোকেরা শিবিরে প্রবেশ করলে ইসরাইলের প্রাচীনবর্গরা বললেন, মাবুদ আজ ফিলিস্তিনীদের সম্মুখে আমাদের কেন আঘাত করলেন? এসো, আমরা শীলো থেকে আমাদের কাছে মাবুদের শরীয়ত-সিন্দুক আনাই, যেন তা আমাদের মধ্যে এসে দুশমনদের হাত থেকে আমাদের উদ্ধার করে।
অতএব লোকেরা শীলোতে দূত পাঠিয়ে বাহিনীগণের মাবুদ, যিনি কারুবীদ্বয়ে আসীন, তাঁর শরীয়ত-সিন্দুক সেখান থেকে আনাল। তখন আলীর দুই পুত্র, হফ্নি ও পীনহস, সেই স্থানে আল্লাহ্র নিয়ম-সিন্দুকের সঙ্গে ছিল।
তখন ফিলিস্তিনীরা ঐ সিংহনাদের ধ্বনি শুনে জিজ্ঞাসা করলো, ইবরানীদের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হচ্ছে কেন? পরে তারা বুঝল, মাবুদের শরীয়ত-সিন্দুক শিবিরে এসেছে।
তখন ফিলিস্তিনীরা যুদ্ধ করলো এবং ইসরাইল আহত হয়ে প্রত্যেকে যার যার তাঁবুতে পালিয়ে গেল। আর মহাসংহার হল, কেননা ইসরাইলের মধ্যে ত্রিশ হাজার পদাতিক মারা পড়লো।
যখন সে আসছিল, দেখ, পথের পাশে আলী তাঁর আসনে বসে প্রতীক্ষা করছিলেন; কেননা তাঁর অন্তঃকরণ আল্লাহ্র সিন্দুকের জন্য থর থর করে কাঁপছিল। পরে সেই লোকটি নগরে উপস্থিত হয়ে ঐ সংবাদ দিলে সমস্ত নগরস্থ লোক কান্নাকাটি করতে লাগল।
যে সংবাদ এনেছিল, সে জবাবে বললো, ইসরাইল ফিলিস্তিনীদের সম্মুখ থেকে পালিয়ে গেছে, আবার লোকদের মধ্যে মহাসংহার হয়েছে; আবার আপনার দুই পুত্র হফ্নি ও পীনহসও মারা গেছে এবং আল্লাহ্র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছে।
তখন সে আল্লাহ্র সিন্দুকের নাম করামাত্র আলী দ্বারের পাশের আসন থেকে পিছনে পড়ে গেলেন। এতে তাঁর ঘাড় ভেঙ্গে গেল এবং তিনি মারা গেলেন, কেননা তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি চল্লিশ বছর ইসরাইলের বিচার করেছিলেন।
তখন তাঁর পুত্রবধু পীনহসের স্ত্রী গর্ভবতী ছিল, প্রসবকাল সন্নিকট হয়েছিল; আল্লাহ্র সিন্দুক শত্রুহস্তগত হয়েছে এবং তার শ্বশুর ও স্বামীর মৃত্যু হয়েছে, এই সংবাদ শুনে সে নত হয়ে প্রসব করলো; কারণ তার প্রসববেদনা হঠাৎ উপস্থিত হয়েছিল।
পরে সে বালকটির নাম ঈখাবোদ (হীনপ্রতাপ) রেখে বললো, ইসরাইল থেকে প্রতাপ গেল; কেননা আল্লাহ্র সিন্দুক দুশমনদের হস্তগত হয়েছিল এবং তার শ্বশুরের ও স্বামীর মৃত্যু হয়েছিল।