ফিলিস্তিনীরা ইসরায়েলের বিরুদ্ধে ব্যূহ রচনা করল এবং যুদ্ধে ঘোরতর হয়ে উঠলে ফিলিস্তিনীদের কাছে ইসরায়েল পরাজিত হল। যুদ্ধক্ষেত্রে প্রায় চার হাজার ইসরায়েলী নিহত হল।
সৈন্যেরা শিবিরে ফিরে এলে ইসরায়েলের নেতৃবৃন্দ বললেন, প্রভু পরমেশ্বর কেন আজ ফিলিস্তিনীদের কাছে আমাদের পরাজিত হতে দিলেন? চল, শীলো থেকে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি আমরা নিয়ে আসি, তাহলে তিনি আমাদের মধ্যে এসে শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করবেন।
তারা তখন শীলোতে লোক পাঠিয়ে করূবদ্বয়ের উপরে অধিষ্ঠিত প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি নিয়ে এল। এলির দুই পুত্র হফনি ও পিনহস চুক্তি সিন্দুকটির সঙ্গে সেখানে এল।
ফিলিস্তিনীরা সেই ধ্বনি শুনে বলল, ইসরায়েলীদের শিবিরে এত প্রচণ্ড কোলাহল হচ্ছে কেন? পরে তারা জানতে পারল যে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তাদের শিবিরে উপস্থিত হয়েছে।
এর আগে কখনও এমন ব্যাপার ঘটে নি। সর্বনাশ! এই মহাপরাক্রমী দেবতাদের হাত থেকে কে আমাদের উদ্ধার করবে? এই দেবতারাই তো প্রান্তরে বহুবিধ মহামারী দিয়ে মিশরীদের সংহার করেছিলেন।
হে ফিলিস্তিনীগণ সাহস অবলম্বন কর, পৌরুষের পরিচয় দাও। ঐ ইসরায়েলীরা যেমন তোমাদের দাসত্ব করে, তেমনি তোমরাও যাতে তাদের দাস না হও তার জন্য বীরত্বের পরিচয় দাও, যুদ্ধ কর।
সেই দিন বিন্যামীন বংশের এক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে ছিন্নবস্ত্রে ধূলিধূসর মস্তকে শীলোতে এসে উপস্থিত হল। সেই ব্যক্তি যখন উপস্থিত হল তখন এলি পথের ধারে একটি আসনে বসে পর্যবেক্ষণ করছিলেন। ঈশ্বরের চুক্তি সিন্দুকটির জন্য তাঁর হৃদয় গভীর উদ্বেগে পূর্ণ ছিল। লোকটি নগরে এসে ঐ সংবাদ জানালে নগরে কান্নার রোল উঠল।
সংবাদদাতা সেই লোকটি উত্তর দিল, ফিলিস্তিনীদের সম্মুখ থেকে ইসরায়েল পলায়িত, জনতার মধ্যে নিদারুণ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছে। আপনার দুই পুত্র হফনি ও পিনহস নিহত এবং ঈশ্বরের চুক্তি সিন্দুকটি শত্রু কবলিত।
সেই লোকটি ঈশ্বরের চুক্তিসিন্দুকের কথা উল্লেখ করা মাত্র এলি দরজার পাশে আসন থেকে পিছন দিকে পড়ে গেলেন। তিনি খুব বৃদ্ধ হয়েছিলেন এবং তাঁর ওজন বেশি থাকায় ঘাড় ভেঙ্গে গেল, তিনি মারা গেলেন। চল্লিশ বৎসর তিনি ইসরায়েলের বিচার নিষ্পত্তি করেছিলেন।
তাঁর পুত্রবধূ পিনহসের স্ত্রী সেই সময় গর্ভবতী এবং আসন্নপ্রসবা ছিল। ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত এবং তার শ্বশুর ও স্বামী মৃত, এই সংবাদ শুনে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হল, সে একটি সন্তানের জন্মদান করে মারা গেল।
ঈশ্বরের চুক্তিসিন্দুক অধিকৃত ও তার শ্বশুর ও স্বামী মৃত এই জন্য ‘ইসরায়েলের গৌরব অন্তর্হিত’ এই কথা বলে সে শিশুটির নাম রাখল ‘ইখাবেদ’ (গৌরব বিহীন)। সে বলল, ইসরায়েলের গৌরব অন্তর্হিত কারণ ঈশ্বরের চুক্তি সিন্দুক আজ শত্রু কবলিত।